বোলিং নিয়েই যত চিন্তা ধোনির!

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২২:৪২
সর্বশেষ এশিয়া কাপে ছিলেন দলের বাইরে। তারপরও টেলিভিশনে যতটুকু খেলা দেখেছেন তাতে বোলিং নিয়েই যত দুশ্চিন্তা ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। পাকিস্তানের বিপক্ষে সুপার টেনের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বোলিং নিয়েই নিজের দুশ্চিন্তার কথা জানালেন তিনি। বিশেষ করে শেষের ওভারগুলো ভাল বোলিংয়ের দিকে জোর দিলেন ধোনি। সাথে সাথে ভাল ব্যাটিংও আশা করছেন তিনি, ‘বোলিং আর ব্যাটিং, দুটোতেই ভাল করতে হবে। ব্যাটিংয়ে ভাল একটা সূচনা করতে পারলে আমরা শেষের দিকে ১০-২৫ করে প্রতি ওভারে রান তুলতে পারবো। বোলিংয়ে আমাদের শেষের দিকে ওভারে ভাল বোলিং করতে হবে। এসব করতে পারলে আমাদের জন্য জয়ের দারুণ সুযোগ থাকবে।’ ভারতের জন্য আরেকটা সমস্যা হল তাদের মূল দুই পেসার মোহাম্মদ শামি ও ভূবনেশ্বর কুমারের যথেষ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকা। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভিজ্ঞতায় সেই সমস্যা খুব বড় হতে পারবে না বলেই মনে করছেন ভারতীয় অধিনায়ক, ‘আমি একমত যে, তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞতা কম। তবে এখানে তাদের আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে দিবে। নতুন বলেই যদি তারা একটা-দুটা উইকেট নিতে পারে, তাহলে পরের কাজটা অনেক সহজ হয়ে যাবে।’ বাংলাদেশে এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে একটি জয় আর একটি হার। প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা আজ থেকে কাজে লাগবে বলে মনে করছেন ধোনি, ‘দুটি প্রস্তুতি ম্যাচ থেকে আমাদের ভাল একটা অভিজ্ঞতা হয়েছে। মাঠে আমরা নিজেদের কাজটার ব্যাপারে বুঝতে পেরেছি।’ আজকের ম্যাচে ভারতের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন পাকিস্তানি অল রাউন্ডাররা। ধোনিও তাই নজর রাখছেন সেদিকে, ‘যেকোন দলেই ভাল কিছু অল রাউন্ডার থাকা তাদের শক্তিমত্তা প্রকাশ করে। যারা ভাল ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারে তাদের দিকে আপনার বেশি নজর রাখতেই হবে। আমরাও সেই কাজটাই করছি।’ পাকিস্তানি বোলারদের মধ্যে ধোনিরা আলাদা করে কাজ করছেন সাঈদ আজমল ও উমর গুলকে নিয়ে। এই প্রসঙ্গে ধোনি বলেন, ‘উমর গুল অসাধারণ একজন বোলার। ২০০৭ সালের বিশ্বকাপে তার কল্যাণে ভালই ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের। আর সাঈদ আজমল হচ্ছে এমন একজন বোলার যার বিপক্ষে কখনোই আপনি সহজে রান তুলতে পারবেন না। পৃথিবীর যেকোন ব্যাটসম্যানের জন্যই তার বিপক্ষে খেলা কষ্টকর।’