আহত ইয়ানুরও চলে গেল না ফেরার দেশে

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:০৯
সম্প্রতি যশোরে সড়ক দুর্ঘটনায় সাত শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আহত সর্বশেষ ছাত্রটিও সকলকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। গত বুধবার ঢাকা সিএমএইচ-এ চিকিত্সাধীন অবস্থায় ৫ম শ্রেণির ওই ছাত্রের মৃত্যু হয়। নিহত ছাত্রের নাম ইয়ানুর রহমান (১২)। সে বেনাপোলের ছোট আচড়া গ্রামের ইমানুর রহমানের একমাত্র পুত্র। ইয়ানুরের চাচা কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেদিন রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রাতে পিকনিক শেষে ফেরার পথে জেলার শার্শা উপজেলার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস চৌগাছার ঝাউতলায় উল্টে পুকুরে পড়ে যায়। এতে সাত শিক্ষার্থী নিহত ও ইয়ানুরসহ অর্ধশত শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে একরামুল ও ইয়ানুরকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি একরামুল মারা যায়। সর্বশেষ মারা গেল ইয়ানুর। এ পর্যন্ত ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।