‘বোরো মৌসুমে সাড়ে ১১ লাখ টন ধান চাল কিনবে সরকার’

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:১২
চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১১ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি চাল ৩১ টাকা ও ধান ২০ টাকা দরে সংগ্রহ করা হবে। এছাড়া ২৭ টাকা কেজি দরে দেড় লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ মে থেকে সংগ্রহ অভিযান শুরু হবে। অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার প্রতি কেজি বোরো ধান উত্পাদনে ১৭ টাকা ৫০ পয়সা ও চাল উত্পাদনে ২৬ টাকা ৫০ পয়সা খরচ হয়েছে। সেসব চুলচেরা বিশ্লেষণ করে বোরোর সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, তাদের উত্পাদন খরচ উঠে।