নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, উপজেলা নির্বাচনে এমপিরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাতে পারবেন। তবে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীর ক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় বাধা রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের পর ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। প্রত্যেক উপজেলা সার্ভার স্টেশন থেকে ভোটার আইডি কার্ডের যাবতীয় সমস্যা সমাধান করা যাবে ও ডেলিভারি দেয়া হবে।
বৃহস্পতিবার পটিয়া উপজেলা সার্ভার স্টেশন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন, জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খোরশদ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম সালাহ উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল হক মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন চৌধুরী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আখতার হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা আবু তৈয়ব, পটিয়া থানার ওসি (তদন্ত) শওকত হোসেন প্রমুখ।
