নিখোঁজ বিমানের সন্ধান যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার :ওবামা

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:৩৬
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধানে তল্লাশি অভিযানকে যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হিসেবে নিয়েছে। এদিকে মালয়েশিয়া মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)’র সঙ্গে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বিনিময় করেছে এবং বিমানটি উদ্ধারে তাদের সাহায্য চেয়েছে। মালয়েশিয়ার বিমানটি প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হয়েছে। তবে বিমান ও এর যাত্রীদের ভাগ্যে আসলে কি ঘটেছে তার কোন তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। এতে নিখোঁজদের আত্মীয়স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিখোঁজদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা ও শুভকামনা জানান। তিনি বলেন, ‘আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা নিখোঁজ বিমানটির অনুসন্ধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’ বিমানটি নিখোঁজ হওয়ার পর ওবামা এই প্রথম ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বললেন। ওবামা তার বক্তৃতায় মালয়েশিয়া সরকারের সঙ্গে ‘ঘনিষ্ঠ সহযোগিতার’ ওপর জোর দেন। নিখোঁজ বিমানে এক শিশুসহ যুক্তরাষ্ট্রের তিন নাগরিকও ছিল। এএফপি।