তথ্যপ্রযুক্তির এই যুগে এসে ফেসবুক এখন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে পড়েছে। বিশেষ করে এই শোবিজ মিডিয়া এবং তরুণ প্রজন্মের কাছে ফেসবুক ছাড়া একটি দিন কাটানো খুবই কষ্টকর। তবে প্রত্যেক ভালো কিছুর পেছনেই লুকিয়ে থাকে ফিল্মের ভিলেন। ফেসবুকেও হ্যাকারদের সংখ্যা নেহায়েত কম নয়। এ পর্যন্ত বহু সেলিব্রেটির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। সেই ধারাবাহিকতায় এবার হ্যাক হলো জনপ্রিয় অভিনেতা সজলের মা পরিচালক নুজহাত আলভীর ফেসবুক অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটি হ্যাক করেই দৃষ্কৃতিকারী হ্যাকার অনাকাঙ্ক্ষিত ফেসবুক স্ট্যাটাস দেন নুজহাত আলভীর অ্যাকাউন্ট থেকে। যা দেখে নুজহাত আলভীর আত্মীয়-স্বজন ও বন্ধুমহল থেকে একের পর এক ফোন আসতে থাকে। এবং তাদের মাধ্যমেই মূলত নুজহাত জানতে পারেন যে, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। নুজহাত আলভী বলেন, ‘যখন বন্ধুরা ও আমার আত্মীয়-স্বজনরা আমাকে ফোন করে বলছে যে, তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, পরবর্তীতে আমি নিজেই দেখি যে, আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। এবং জঘন্য কিছু স্ট্যাটাস আপলোড করা হয়েছে। পরবর্তীতে বহু চেষ্টা করে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয় এবং ওই স্ট্যাটাসগুলো মুছে ফেলি। পরবর্তীতে নিজের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেটই করে দিই। আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার অনিচ্ছা ও অজান্তে যারা এসব স্ট্যাটাস দেখে বিভ্রান্ত হয়েছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার নেই।’
