একটি অনলাইন সাইটে গেমিং কনসোল পিএসথ্রির একটি বিজ্ঞাপন দেখে সাথে সাথেই বিক্রেতার সাথে যোগাযোগ করেছিলেন ব্রিস্টলের ২৪ বছর বয়সী তরুণ এড যোসেফ। কথাবার্তা পাকাপাকি হবার পর ওই ব্যক্তির অ্যাকাউন্টে সরল বিশ্বাসে ৮০ ডলারও পাঠিয়ে দিয়েছিলেন এড যোসেফ। কিন্তু বিধিবাম! টাকা পাওয়ার পর পিএসথ্রি পাঠানোতো দূরে থাক কোনো ধরনের যোগাযোগই আর করছিলেন না প্রতারক ওই ক্রেতা। এ অবস্থায় অন্য অনেকেই হয়তো হাল ছেড়ে দেন। কিংবা বড়জোর বিষয়টি নিয়ে অভিযোগ করেন পুলিশের কাছে। তবে এসব কিছু না করে এড যোসেফ যে কাণ্ডটি ঘটিয়েছেন তাতে করে প্রতারক ওই ব্যক্তি হয়তো পুলিশের কাছে যেতেও স্বাচ্ছন্দ্য বোধ করতেন! কেননা যোসেফ যে মোবাইল ফোনের টেক্সট মেসেজ আকারে শেক্সপিয়ারের ৩৭টি সাহিত্যকর্মই একে একে ওই প্রতারককে পাঠানোর সিদ্ধান্ত নেন। মূলত ইন্টারনেটের একটি সাইট থেকে ফোনের মেসেজ অপশনে একসাথে অনেক লেখা কপি করা যায় এমন একটি সেবার সন্ধান পাওয়ার পরই অভিনব এই প্রতিশোধের ধারণাটি মাথায় আসে যোসেফের। আর যোসেফের মোবাইল ফোনের প্যাকেজে বিনামূল্যে টেক্সট মেসেজ পাঠানোর সুবিধা থাকায় একেবারে বিনা খরচাতেই কাজটি হয়ে যায় যোসেফের। কিন্তু ওদিকে প্রতারকের তখন রাতের ঘুম হারাম হওয়ার দশা। কেননা, ইতোমধ্যে শেক্সপিয়ারের যে ২২টি সাহিত্যকর্ম যোসেফ একসাথে পাঠিয়েছেন সেটিই ওই প্রতারকের ফোনে সবমিলিয়ে ২৯,৩০৫টি একক মেসেজ আকারে যাচ্ছে। বার্তা হিসেবে ১৭,৪২৪টি বার্তায় ইতোমধ্যে পৌঁছে গেছে হেমলেট, ম্যাকবেথ ও ওথেলোর মতো নাটকগুলো। আর একইভাবে শেক্সপিয়ারের বাকি ১৫টি সাহিত্যকর্ম পাঠাতে যোসেফের সময় লাগবে সবমিলিয়ে দু’একদিন। কিন্তু প্রতারক যদি তার নম্বর না পাল্টান তাহলে এই পরিমাণ টেক্সট মেসেজ তার মোবাইল ফোনটিতে একটানা মেসেজ আসার সংকেত দেখাবে প্রায় এক সপ্তাহজুড়ে। এমনকি ফোন বন্ধ করে রাখলেও সেটি চালু করার পর পুনরায় বার্তাগুলো রিসিভ হতে থাকবে। সবমিলিয়ে প্রতারণার জ্বালাটুকু হাড়ে হাড়েই টের পাচ্ছেন ওই প্রতারক।
