কাবুলে হোটেলে তালেবান হামলায় শিশুসহ নিহত ৯

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:০০
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে সশস্ত্র হামলাকারীদের গুলিতে দুই শিশু ও বিদেশিসহ ৯ বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। আফগান বিশেষ বাহিনীর পাল্টা আঘাতে হামলাকারী চার অস্ত্রধারীরও মারা গেছে। কাবুলের সেরেনা হোটেলে বৃহস্পতিবার নৈশভোজ চলাকালীন হামলাটি চালানো হয় বলে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মোহাম্মদ আইয়ুব সালাঙ্গির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। বিদেশিদের কাছে জনপ্রিয় পাঁচ তারকা সেরেনা হোটেলে হামলায় অংশগ্রহণকারী বন্দুকধারীরা সবাই কিশোর ছিলেন বলে জানা গেছে। তারা তাদের মোজার ভিতর লুকানো পিস্তল নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হোটেলটিতে প্রবেশ করেন। হোটেলটিতে এ সময় বসন্ত ও আফগান নতুন বছর নওরোজ উপলক্ষে উত্সব পালন করা হচ্ছিল। এ উপলক্ষে একটি বিশেষ নৈশভোজে যোগ দেয়ার ভান করে হামলাকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা হোটেলের একটি ওয়াশরুমে তিন ঘণ্টা লুকিয়ে থাকার পর বেরিয়ে এসে গুলিবর্ষণ শুরু করে। গুলিতে নিহত আটজনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। নিহত বিদেশি পুরুষ দুজনের জাতীয়তা জানা যায়নি। গুলিবর্ষণ শুরুর সঙ্গে সঙ্গেই বিশেষ বাহিনী ‘আফগান ক্রাইসিস রেসপন্স ইউনিট’ এর সদস্যরা হোটেলটিকে ঘিরে ফেলে, পরে তাদের গুলিতে বন্দুকধারীরা নিহত হয়। আক্রান্ত সেরেনা হোটেলটি দেশটির প্রেসিডেন্টের বাসভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয়গুলো থেকে মাত্র এক কিলোমিটার দূরে। আসছে এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগত জাতিসংঘের কর্মীরা এই হোটেলটিতেই উঠেছেন। এর আগেও কাবুলের এই অভিজাত হোটেলটি বেশ কয়েকবার তালেবান হামলার শিকার হয়েছিল।