ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে বৃহস্পতিবার দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। সহিংসতা বন্ধে ব্যর্থতার অভিযোগে বিরোধী দলের দুই মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভকারীরা মিছিল করলে এই সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার কারাকাসের রাস্তায় প্রায় হাজার তিনেক বিক্ষোভকারী ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মিছিল করে। মিছিলের সামনে থাকা বিক্ষোভকারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে পুলিশও কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা জবাব দেয়। ভেনেজুয়েলার গোয়েন্দা বিভাগ বুধবার গোলযোগপূর্ণ সান ক্রিস্টোবাল নগরীর বিরোধীদলীয় মেয়রকে গ্রেফতার করলে এর প্রতিবাদে সর্বশেষ এই বিক্ষোভ হয় । একমাসের বেশি সময় আগে এই শহরটিতে সর্বপ্রথম সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রডরিগুয়েজ বলেন, পশ্চিমাঞ্চলীয় তাচিরা প্রদেশের সান ক্রিস্টোবালের মেয়র ড্যানিয়েল সেবালোসকে তার নগরীতে বিক্ষোভে উস্কানি ও সহিংসতায় ‘সমর্থনের’ অভিযোগে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভি জানায়, সরকারি কৌঁসিলীরা অরাজকতা সৃষ্টির অভিযোগে ড্যানিয়েলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করে। এ নিয়ে রক্তক্ষয়ী বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিরোধী দল পপুলার উইল পার্টির দু’জন নেতাকে গ্রেফতার করা হলো। এর আগে সুপ্রিম কোর্টের আদেশে উত্তরাঞ্চলীয় শহর সান ডিয়াগোর মেয়র এনজো স্কারানোকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। একই সাথে গণবিশৃঙ্খলা বন্ধে তার দায়িত্বে ব্যর্থতার অভিযোগে তাকে ১০ মাসের কারাদণ্ডও দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, ভেনেজুয়েলায় চলমান বিক্ষোভটিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে।
