ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত লার্স গার্নার উইমার্ক বৃহস্পতিবার বলেছেন, তারা পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি আসন্ন ব্রাসেলস বৈঠক নিয়ে পাক-ইইউর কৌশলগত সম্পর্ক নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। -খবর ডন অন লাইনের।
গার্নার আরো বলেন, পাকিস্তান-ইই্উর সম্পর্ক শুধু বাণিজ্য ও সাহায্য-সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আসন্ন বৈঠকে পাকিস্তানের বৈদেশিক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শারতাজ আজিজ ও ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাস্টন বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে স্ব-স্ব পক্ষে নেতৃত্ব দিবেন।
ইউরোপীয় ইউনিয়নের বাজারে পাকিস্তানের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং ডিসেম্বরে পাকিস্তানকে জিএসপি সুবিধা মঞ্জুরসহ নানা বিষয়ে আলোচনা হবে। পাকিস্তানের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে ইউনিয়নের বিশাল ভূমিকা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসদমন বিষয় সংলাপ মে মাসে অনুষ্ঠানের ব্যাপারে নির্ধারণ করা হয়।
