সংবাদ কণিকা

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:০৭
বিড়াল খেল ময়ূর, চাকরি হারালো পুলিশ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাগানবাড়িতে বনবিড়াল একটি ময়ূর খেয়ে ফেলার ঘটনায় বৃহস্পতিবার তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। লাহোরের কাছে শহরতলীতে নওয়াজের বাগানবাড়িটির অবস্থান। বাড়িটির এক মালী মঙ্গলবার বাগানের এক জায়গায় ময়ূরটির মৃতদেহ দেখতে পান। সেখানে ময়ূরসহ অন্যান্য পাখি অবাধে বিচরণ করে থাকে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।—এনডিটিভি অদ্ভুত আকৃতির ডাইনোসরের সন্ধান উত্তর আমেরিকা থেকে উদ্ধার করা পাখির মত দেখতে কিছু জীবাশ্ম ডাইনোসরের বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অনেক গবেষণার পর ডাইনোসরটির সম্পর্কে বুধবার নিশ্চিত হয়েছেন গবেষকরা। জীবাশ্মটির মাথার আকৃতি অনেকটা পাখির মত। এর দন্তবিহীন ঠোঁট রয়েছে। খুলিতে রয়েছে একটি অদ্ভুত ঝুঁটি। হাতে বড় ধারালো থাবা, দীর্ঘ পা এবং সেগুলো ছোট পালকে ঢাকা। —রয়টার্স অবৈধ অভিবাসী নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে এখন এক কোটির বেশি মানুষ রয়েছেন যাদের কোন বৈধ কাগজপত্র নেই। তাদের একটি বড় অংশ আসেন পাশের দেশ মেক্সিকো থেকে। প্রেসিডেন্ট বারাক ওবামা অবৈধ অভিবাসীদের বৈধ করে নেবার পক্ষে কথা বললেও, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকানদের দেশে ফেরত পাঠিয়ে দেবার হারও বাড়ছে। —বিবিসি প্যারিসে গাড়ি চলাচলে বিধিনিষেধ ফ্রান্সের রাজধানী প্যারিসের উচ্চমাত্রার বায়ু দূষণের কারণে গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে একদিন গাড়ি চালানোর পরদিন ঐ গাড়ি চালানো বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। তবে বিদ্যুত্ চালিত এবং হাইব্রিড গাড়িগুলোর ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্যারিস ও এর আশপাশের এলাকাগুলোর বায়ু দূষণ নিরাপদ মাত্রা অতিক্রম করার পর দেশের মন্ত্রিসভা এ নির্দেশ জারি করে। —বিবিসি