আগামী ২৩ মার্চ সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মরণপণ লড়াই শুরু হয়েছে প্রধান দু’টি দল আ’লীগ ও বিএনপি’র মধ্যে। ৭ মার্চ প্রতীক পাওয়ার পর থেকে ভোটারদের বাড়ি বাড়ি ধরনা দিচ্ছেন। ফলে গোটা উপজেলায় নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়ছেন। এখানে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান (আনারস), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ছিদ্দেক আলী (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আ’লীগ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শিক্ষিকা বিলকিস বেগম (কলস)। বিএনপি থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহমদ চৌধুরী (মোটর সাইকেল), মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি (ফুটবল) এবং ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোহাম্মদ হোসেন কুটি (চশমা)।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আবুল হোসেন (টিয়া পাখি), আদমপুর ইউপি সদস্য জাহাঙ্গীর মুন্না রানা (উড়োজাহাজ), উপজেলা সিপিবি সম্পাদক সাইফুর রহমান (জাহাজ), উপজেলা আনজুমানে আল-ইসলাহ সম্পাদক হাফেজ এম এ ওহাব (বাল্ব), নাগরিক কমিটির ব্যানারে হেফাজত নেতা মাওলানা নুরুল মোন্তাকিম জুনাইদ (মাইক), জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন (বই ) ও চা শ্রমিক নেতা গোপাল নুনিয়া (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আদিবাসী নেত্রী গীতা রানী কানু (পদ্মফুল) প্রতীক নিয়ে লড়ছেন।
