টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও হারলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এবার দক্ষিণ আফ্রিকা মহিলা দলের কাছে তারা হারলেন আট উইকেটে। ফলে আগামী ২৬ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মিশনে বাংলাদেশ কতটা আত্মবিশ্বাসী থাকতে পারবে জাগছে সেই প্রশ্নও।
পাকিস্তান ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে না পারা বাংলাদেশ গত বৃহস্পতিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেরে যায় পাকিস্তানের কাছে। তবে ঐ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একরকম অসহায় আত্মসমর্পণই করলো তারা। শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত খেলাটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত ওভারে আট উইকেট খুইয়ে ৮৫ রান তুলে। জবাবে প্রোটিয়া মেয়েরা ২৭ বল হাতে রেখে দুই উইকেট খুইয়ে জয় তুলে নেয়। দিনের অপর খেলায় বিকেএসপি তিন নম্বর মাঠে অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। টসে জিতে অজিরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ক্যারিবীয় মেয়েরা নির্ধারিত ওভারে তিন উইকেটে ১৪৪ রান তুলে। জবাবে অস্ট্রেলিয়া সবকটি ওভার খেলে সাত উইকেট খুইয়ে ১২৮ রান তুলে থেমে যায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ মহিলা দল: ৮৫/৮ (ফারজানা ২১, শায়লা ২১; লুস ১/৫, নিকার্ক ১/৬)
দক্ষিণ আফ্রিকা মহিলা দল: ৮৮/২ (লি অপরাজিত ৫০, নিকার্ক ১৫; খাদিজা ১/১৬)
