এশিয়ান বাছাই হকি

ফাইনালে উঠার লড়াই আজ

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:১১
একটা একটা করে বাধা পার হয়ে এখন ফাইনালের পথে বাংলাদেশ হকি দল। আজ ম্যাচ জিতলে বাংলাদেশ ফাইনালে উঠবে। বাংলাদেশের প্রতিপক্ষ আজ শ্রীলংকা। হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল সোয়া তিনটায়। এ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে উঠা শ্রীলংকা শক্তিশালী দল না হলেও তারা বাংলাদেশকে হারানোর মতো মানসিক অবস্থায় রয়েছে। চয়ন, নিলয়, কৌশিক, কৃষ্ণা, নান্নুদের মতো স্টিক ওয়ার্ক করে ক্ষিপ্রগতিতে ছুটে চলার মতো না হলেও শ্রীলংকার টিম ওয়ার্ক দারুণ। প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দেয়ার মতো খেলাটা খেলতে পারে। টার্ফের লড়াইয়ে শ্রীলংকার টিম ওয়ার্কের বিরুদ্ধে বাংলাদেশের ব্যক্তি নৈপুণ্য পার্থক্য আছে। যদিও বাংলাদেশ দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম বলেছেন, ‘আমরা টিম ওয়ার্কেও অনেক এগিয়ে। তারপরও টোটাল টিমের উপর নির্ভর করছে খেলাটা।’ কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল পেয়েই তো বাংলাদেশ ম্যাচ জিতল ইরানের বিরুদ্ধে। কোচ বলেছেন, ‘আমি চয়নকে খাটো করে দেখছি না। প্রয়োজনে চয়ন তার কাজ করছে। আমরা ফিল্ড গোল পেলে চয়নের উপরও চাপ কমে আসবে। যখন দল গোল পেয়েও পাচ্ছে না। তখন পেনাল্টি কর্নার পেলে প্রত্যাশাটা বেড়ে যায়। প্রত্যাশার চাপ মাথায় গোল করতে না পারলে হতাশাটা চেপে বসে।’ ইরানের বিরুদ্ধে ম্যাচে গোল হজম করে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৩-১ ব্যবধানে। আলীদায়ি, বোরহান জাদে, নালজেগার, নাসের হেজাজীদের ইরান হারলেও তারা দারুণ খেলেছে। বাংলাদেশ সপ্তম পেনাল্টি কর্নার থেকে গোল করেছিল। সমতা এনে গোলের সংখ্যা বাড়ায়। ইরানের বিরুদ্ধে ম্যাচ জিততে কষ্টই হয়েছে। কিন্তু এমনটা হলো কেন। দলের মধ্যে সম্পৃক্তদের সাথে কথা বলে জানা গেলো, খেলোয়াড়রা ইরানকে দুর্বল দল মনে করেছিল। এটা মনে করার নাকি কারণও ছিল। ইরানের সাথে এই ছেলেদের খেলার অভ্যাস নেই। আগে থেকে ইরান সম্পর্কে ভালো জানা ছিল না। যে কারণে খেলোয়াড়রা প্রত্যাশা অনুসারে ভালো খেলাটা দেখাতে পারেনি। কিন্তু ইরান তো বাংলাদেশকে মোকাবেলা করার আগে দুটি ম্যাচ খেলেছে এখানে। ইরানের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে কোচ নাভিদ আলম অসন্তুষ্ট তার খেলোয়াড়দের উপর। শ্রীলংকার বিরুদ্ধে পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে। ১৩টি ম্যাচ খেলে বাংলাদেশের ঘরে ১১টি জয় রয়েছে। ১টি ড্র আর ১টি হার। কিন্তু পরিসংখ্যানের পাতা ছুঁড়ে ফেলে দিয়ে পাকিস্তানি কোচ নাভিদ আলম বলছেন, ‘ভুলে যাও এসব কথা। ইতিহাস কি বলছে, না বলছে তা দিয়ে আজকের ম্যাচের অংক করলে চলবে না।’ অধিনায়ক মামুনুর রহমান চয়নেরও একই কথা। চয়ন মনে করিয়ে দিলেন ‘গত এশিয়ান গেমস হকির বাছাই পর্বে এই মাঠে শ্রীলংকার বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র হয়েছিল।’ তখন ড্র হলেও আজ ড্র হওয়ার সুযোগ নেই। নির্ধারিত সময়ে গোল না হলে পেনাল্টি স্ট্রোকের মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন আম্পায়ার। আজ সকাল ৯টা থেকে স্থান নির্ধারণী ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচে চাইনীজ তাইপে ও হংকং চায়না, দ্বিতীয় ম্যাচে বেলা সোয়া ১১টায় সিঙ্গাপুর-কাতার, বেলা ১টায় ওমান-ইরান এবং ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ- শ্রীলংকা। ফাইনাল আগামীকাল।