ইনজুরিতে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:১২
বাংলাদেশ ‘এ‘ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আসে জোড়া আঘাত। একই দিনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ও পেসার ডেল স্টেইন। আর ইনজুরি এতোটাই মারাত্মক যে শ্রীলঙ্কার বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে এই দু’জনকে ছাড়াই মাঠে নামতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত ডু প্লেসিস না খেলতে পারলে তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। আগেও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন ভিলিয়ার্স। এছাড়া অধিনায়ক হিসেবে হাসিম আমলাকেও দেখা যেতে পারে। তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামতে পারেন ফারহান বেহারডিয়েন। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাট করার সুযোগ পেয়ে এই ব্যাটসম্যান করেছিলেন ৩৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেলে সেটাকে বড় কোন চাপ হিসেবে দেখতে চান না এই ক্রিকেটার, ‘আপনাকে সব সময়ে চাপ জয় করে খেলে যেতে হবে। বেশি চাপ নিলে আপনি বোকামি করে বসতে পারেন। তাই আমি কখনওই চাপ নেই না।’ যদিও ডু প্লেসিসের খেলার সম্ভাবনা এখনই উড়িয়ে দেয়া যাচ্ছে না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ‘প্রথম ম্যাচ খেলার জন্য এখনও ডু প্লেসিসের সামনে সুযোগ আছে। আমাদের ডাক্তাররা তাকে সুস্থ করে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। ফিসিওথেরাপিস্টরা তাকে প্রথম ম্যাচের আগেই সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।’ অন্যদিকে স্টেইন গত মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২ ওভার ২ বলের পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর বোলিং করতে পারেননি। সিএসএ জানিয়েছে, ‘স্টেইনের ইনজুরি মারাত্মক কিছু নয়। দু’সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। প্রস্তুতি ম্যাচে একই জায়গায় চোট পাওয়ায় তাকে আমরা চিকিত্সার আওতায় এনেছি।’ শেষ পর্যন্ত স্টেইন খেলতে না পারলে তার জায়গায় একাদশে সুযোগ পাবেন লোনাবো সোেসাবে। এই পেসারের কল্যাণেই পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে তাদের মাত্র ৭১ রানে বেঁধে ফেলেছিল প্রোটিয়ারা। তার সাথে ছিলেন মরণে মরকেল, ওয়েন পারনেল ও বুরান হেনড্রিক্স। দক্ষিণ আফ্রিকা দল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পৌঁছায়। বিশ্বকাপের মূল মঞ্চে সুযোগ পেলে সেটা কাজে লাগানোর যথাসাধ্য চেষ্টা করবেন বলেই জানালেন সোেসাবে, ‘উপমহাদেশে আসলেই সবাই মনে করে যে, এটা মনে হয় স্পিনারদেও স্বর্গ। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখানকার ব্যাটসম্যানরা স্পিন ভাল খেলে। তাই তাদের পেস দিয়েই বধ করতে হবে।’ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চান শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে, ‘আপনাকে সব কিছুই চেষ্টা করতে হবে-ইয়োর্কার, স্লোয়ার, বাউন্সার, সব কিছু। আর প্রস্তুতিটাও এমন হতে হবে যে মাঠে সেটা প্রয়োগ করতে পারেন। প্রস্তুতি ম্যাচেও আমি সেটাই করেছি। মূল ম্যাচে সুযোগ পেলে এমনটাই করতে চাইবো।’