পাকিস্তানের টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক মিসবাহ উল হক মনে করেন জাতীয় দলগুলো টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতার গুরুত্ব বুঝতে পেরেছে। তাই বর্ষীয়ান ক্রিকেটারদের আর মারকুটে এই ক্রিকেট ঘরানায় অনুপযুক্ত ভাবছে না।
বর্তমানে ৩৯ বছর বয়সী মিসবাহ গত বছরের শুরু থেকে টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তান দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও সেদেশের বোর্ড ও দল নির্বাচকরা তাকে সরিয়ে ২০১২ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ঘরানাটিতে মোহাম্মদ হাফিজকে অধিনায়ক নির্বাচিত করে।
মিসবাহ হয়তো মনে করছেন এখনো তার দেয়ার মতো অনেক কিছু আছে। তাই তিনি বাংলাদেশে অনুষ্ঠানরত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলগুলোর ত্রিশের মাঝামাঝি কিংবা তার চেয়ে বেশি বয়সের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার কথা উল্লে¬খ করেন। পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার রিপোর্টারদের তিনি বলেন, ‘অতি সম্প্রতি পর্যন্ত একটা ধারণা ছিল টি-টোয়েন্টি তারুণ্যের খেলা। কিন্তু চলমান আসরটির দিকে তাকান, দেখবেন দলগুলো এখন বিষয়টিকে ভিন্নভাবে দেখছে।’
তিনি আরো বলেন, ‘দলগুলো ভাবতে শুরু করেছে অন্য ঘরানার ক্রিকেটের মতো এখানেও তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য দরকার।’ ঘরোয়া টি-টোয়েন্টিতে এখনো খেলা অব্যাহত রেখে মিসবাহ তুলনামূলক বিচারে সাফল্য পাচ্ছেন। তাই অভিজ্ঞ এ খেলোয়াড়টি বলেন তার অর্জনই প্রমাণ করে সংক্ষিপ্ত ঘরানার এ ক্রিকেটে বয়স্ক খেলোয়াড়দের বড় ভূমিকা আছে।
তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এবার শিরোপার অন্যতম দাবীদার এবং দল দু’টোর দিকে তাকালে বোঝা যাবে সেখানে বয়স্ক অনেক খেলোয়াড় রয়েছে।’ অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চেষ্টায় তরুণদের সাথে অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়েছে। এ কারণেই অভিজ্ঞ তিন খেলোয়াড় ব্র্যাড হগ, ব্র্যাড হজ এবং ব্র্যাড হাডিনকে রেখে ১৫ সদস্যের দল গড়েছে অস্ট্রেলিয়া। স্পিনার হগের বয়স ৪৩ আর ব্যাটসম্যান হজের ৩৯। তিন ঘরানাতেই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা হাডিনের বয়স ৩৬।
মিসবাহ আরো বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষীয়ান খেলোয়াড়দের দেখাটা আনন্দের। এর মানে বিশ্বে এখন যেহেতু প্রচুর লিগ হয়ে থাকে তাই তাদের ক্যারিয়ার আরো দীর্ঘ হবে।’
পাকিস্তান সম্প্রতি বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে এশিয়া কাপে হারিয়েছে। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে কোহলি অধিনায়কত্ব করেন। ৫০ ওভারের খেলা হলেও তাতে ভারতকে হারানোয় ভূমিকা রাখেন অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
