সুপার টেনের চট্টগ্রাম পর্ব শুরু আজ

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:১৪
পাক-ভারত মহারণের মধ্যদিয়ে গতকাল শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টেন পর্ব মাঠে গড়ালেও আজ শনিবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় দিনের প্রথম ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা আর সন্ধ্যা সাড়ে ৭টায় ক্রিকেটের জনক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইতিমধ্যে গ্রুপ বি এর পাঁচ দলের মধ্যে সব ক’টি দল বন্দরনগরী চট্টগ্রামে চলে এসেছে। বৃহস্পতিবার দুনিয়া কাঁপানো দলগুলো চট্টগ্রাম এসে বিশ্রাম নিয়েছে। তবে গতকাল শুক্রবার পালা করে পাঁচ সেরা দল অনুশীলন করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে। অতিথি দলের চট্টগ্রাম পৌঁছা হলেও আনন্দ ও বেদনার স্মৃতি নিয়ে বাংলাদেশ জাতীয় দল গতকাল সকালে চট্টগ্রাম ত্যাগ করেছে। পাশাপাশি ঘটন আর অঘটনের জন্ম দিয়ে এবং অনেক সুখ স্মৃতি সঙ্গে নিয়ে নবীন দল হংকং নেপাল ও আফগানিস্তান উড়াল দিয়েছে নিজেদের দেশের উদ্দেশ্যে।