হাজারতম ম্যাচে চেলসির মুখোমুখি ওয়েঙ্গার

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:১৫
আর্সেন ওয়েঙ্গার আজ শনিবার চেলসির মাঠে আর্সেনালের হয়ে ১০০০তম ম্যাচে কোচের দায়িত্ব পালনের বিরল কৃতিত্বের অধিকারী হবেন। ফরাসি এই কোচ ১৯৯৬ সালে দলটির দায়িত্ব নেন। তখনো দলটি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেনি এবং ইয়ান রাইট দলটিকে পরিচালিত করছিলেন। এরপর ওয়েঙ্গার তিনটি প্রিমিয়ার লিগ জিতেছেন এবং টানা ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন গানার্সদের। এছাড়াও চারবার এফএ কাপ জিতেছেন। কিন্তু মাঝে দীর্ঘদিন শিরোপা জিততে না পারায় সমালোচিত হতে হতে এবার আবার ইংলিশ লিগের লড়াইয়ে ভিড়িয়েছেন দলকে। আর্সেনাল শিরোপা জয়ের ক্ষেত্রে চেলসির লড়াইটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চেলসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার সন্তুষ্টির মধ্যে থাকলেও ঘরোয়া লিগে আবার জয়ের মধ্যে ফেরার লক্ষ্যে আর্সেনালের মোকাবেলা করবে। কেননা প্রিমিয়ার লিগে আগের খেলাটিতে তার দল অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে পরাজিত হয়। সে খেলায় কোচ হোসে মরিনহোর দল কেবল হারেইনি, তাদের নয়জনের দলেও পরিণত হতে হয়েছিল। লাল কার্ড পেয়েছিলেন দুই ব্রাজিলীয় উইলিয়ান ও র্যামিরেস। তাই এরা আজ খেলতে পারবেন না। ইনজুরির সমস্যা আছে আর্সেনালেও। তাদের অ্যারন রামসে, মেসুত ওজিল ও জ্যাক উইলশেয়ার খেলতে পারবেন না।