বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ’ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তি দাবি করেছেন কুমিল্লা (উত্তর) জেলা যুবদল, জেলার সাতটি উপজেলা ও চারটি পৌর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
শুক্রবার দেয়া এক যুক্ত বিবৃতিতে যুবদল নেতারা ড. মোশাররফকে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে জেলে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের লুটপাট ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরাতে ড. মোশাররফকে গ্রেফতার করা হয়েছে। যুবদল নেতৃবৃন্দ অবিলম্বে ড. মোশাররফসহ বিএনপি নেতাদের নি:শর্ত মুক্তি দাবি করে বলেন, মুক্তি বিলম্বিত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেয়াসহ কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
