আজ বিশ্ব পানি দিবস

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:৫৮
আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে-পানি এবং জ্বালানি। জ্বালানি খাতে বিশেষ করে বিদ্যুত্ উত্পাদনে প্রচুর পরিমাণ পানি ব্যবহার হয়ে থাকে। উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ খাতে পানি ব্যবহার করা প্রয়োজন। ১৯৯৩ সালের ১৮ জানুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে ২২ মার্চ আন্তর্জাতিক পানি দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। এর পর থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছরের মত এবারও বাংলাদেশসহ নিরাপদ পানির দাবিতে পৃথিবী জুড়ে পালিত হচ্ছে দিনটি। পানি দিবসের লক্ষ্য হচ্ছে নিরাপদ পানি, পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন ইত্যাদি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে তোলা। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসাবে খ্যাত হলেও আজো দেশের সব মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং কৃষিসহ দৈনন্দিন ব্যবহারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা যায়নি।