৪০ বছর পর মাকে খুঁজে পেলেন পঞ্চগড়ের দুলাল

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২২:৫৯
প্রায় ৪০ বছর আগে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন পুত্র দুলাল। ৪০ বছর আগে তার নানির সঙ্গে থাকা মানসিক ভারসাম্যহীন মা রেখা পাগলী (৭৫) নাটোর থেকে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে মাকে না পেয়ে আশা ছেড়েই দিয়েছিলেন তারা। অবশেষে গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা শহরে মাকে খুঁজে পান পুত্র দুলাল (৫৫)। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন দুজনেই। এরপর শুরু হয় মিষ্টি খাওয়ানো। পঞ্চগড় শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান জানান, রেখা পাগলী প্রায় ৪০ বছর ধরে পঞ্চগড়ে আছেন। তিনি শহরের অপর ব্যবসায়ী খোরশেদ আলমের বাসায় থাকতেন। তবে বাজারের সব ব্যবসায়ীর সঙ্গেই তার ভাল সম্পর্ক ছিল। রেখা পাগলী তার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আড়োল গ্রামে বলে ব্যবসায়ীদের বলতেন। আব্দুর রহমান আরও জানান, কিছুদিন আগে জেলার আটোয়ারী উপজেলা সদরে রাজশাহীর দুর্গাপুর থেকে আসা পান ব্যবসায়ী কাশেম আলীর সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী রহমানের। সে সময় তিনি দুর্গাপুরের রেখা পাগলীর কথা কাশেমকে জানান। কাশেম রহমান সাহেবের নাম-ঠিকানা নিয়ে গিয়ে রেখা পাগলীর ছেলে দুলালকে দেন। এরপর দুলাল গতকাল শুক্রবার সকালে দুর্গাপুর থেকে পঞ্চগড় বাজারে রহমান সাহেবের প্রতিষ্ঠানে আসেন। দুলাল জানান, তার বয়স যখন ১০/১২ বছর সে সময় তার নানির সঙ্গে মা রেখা হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও মাকে পাননি। এভাবে একে একে ৪০ বছর কেটে যায়।