ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুত্ আসবে বাংলাদেশে

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২৩:০০
ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুত্ আনা হবে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুত্ আনার প্রক্রিয়া আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ হবে। নয়াদিল্লি সফররত পররাষ্ট্র সচিব শহীদুল হক গতকাল শুক্রবার ভারতের বিদ্যুত্ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্কালে দুই দেশের মধ্যে এই নীতিগত সিদ্ধান্ত হয়। চারদিনের সফরশেষে পররাষ্ট্রসচিব আজ শনিবার দেশে ফিরছেন। ভুটানের ‘হাইডেল পাওয়ার প্লান্ট’ থেকে ভারতের মধ্য দিয়ে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুত্ আসবে। একইদিন পররাষ্ট্র সচিব ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামীর সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র সচিবদ্বয়ের বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। বৈঠকশেষে শহীদুল হক সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া রয়েছে। এই সম্পর্কের ভিত্তিতেই সীমান্ত সমস্যার সমাধান হবে। এছাড়া বিদ্যমান সীমান্ত ব্যবস্থাপনা আরো জোরদারে দুই দেশ সম্মত হয়েছে। অন-এরাইভাল ভিসার সমস্যা দূর করার বিষয়েও তিনি আশ্বস্ত করেন। একইদিন পররাষ্ট্রসচিব ভারতের বস্ত্রসচিব জোহরা চ্যাটার্জির সঙ্গে বৈঠক করেন।