বিএনপি থেকে নির্বাহী কমিটি সদস্যসহ ২ নেতা বহিষ্কার

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২৩:০০
উপজেলা নির্বাচনে দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। এরমধ্যে দলের জাতীয় নির্বাহী কমিটির এক সদস্যও আছেন। বহিষ্কৃতরা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীমসহ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ শুকুর মাহমুদ। গতকাল শুক্রবার দলের যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জানা গেছে, সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাহের শামীম হলেন দলের প্রভাবশালী নেতা শমসের মবিন চৌধুরী সমর্থিত বিদ্রোহী প্রার্থী। শমসের মবিন চৌধুরীর প্রভাবে সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল হুদাকে গত সপ্তাহে কেন্দ থেকে বহিষ্কার করা হয়। পরে তৃণমূল নেতাকর্মীদের বিরোধিতার কারণে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারেও বাধ্য হয় বিএনপি। এরপর কেন্দ থেকে নূরুল হুদাকেই দল সমর্থিত প্রার্থী হিসাবে ঘোষণা করে বিএনপি।