কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার উদ্বোধন

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২৩:০০
হাজারো প্রদীপ জ্বালিয়ে ও সংগীতের মূর্ছনায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবাদী কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৭ তম জন্মদিন পালন উপলক্ষে ২ দিনব্যাপী ‘সুকান্ত’ মেলার উদ্বোধন করা হয়েছে । শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবি’র পৈত্রিক বাড়িতে কবি সুকান্ত লাইব্রেরি কাম অডিটরিয়াম চত্বরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করেন। এরপর একে একে জ্বলে ওঠে হাজারো প্রদীপ। এ সময় কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলাম, কবি সুকান্ত সেবা সংঘের পরিচালক এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, আমতলী ইউপি চেয়ারম্যান হান্নান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা উদীচী ও কোটালীপাড়া উদীচীর আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে অনুষ্ঠিত হয় নিমাই সন্যাস যাত্রাপালা। এ উপলক্ষে এখানে বসেছে গ্রামীণ মেলা।