লোহাগাড়ায় আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২৩:০১
জেলার লোহাগাড়া উপজেলার আধুনগরের হাতিয়ারকুল এলাকায় গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে জালাল আহমদের ইলেক্ট্রনিক্স দোকান সংলগ্ন স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীর বাড়িতে আগুন রাজশাহী অফিস জানায়, রাজশাহীর দুর্গাপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার বড়ইল গ্রামের আওয়ামী লীগ কর্মী ইদ্রিস আলী জানান, বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরাই এ ঘটনায় জড়িত। আগুনে তার বাড়ির চারটি সেমিপাকা রুমের তিনটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি জানান । এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিএনপির কর্মী-সমর্থকরা এ ঘটনায় জড়িত আছে কী-না তা মামলার পর তদন্ত করে দেখা হবে।