রুশ পার্লামেন্টের উচ্চকক্ষেও ক্রিমিয়া সংযুক্তি অনুমোদন

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২৩:১০
ক্রিমিয়াকে রাশিয়ার ফেডারেশন হিসেবে অন্তর্ভুক্ত করার বিল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হওয়ার পর গতকাল শুক্রবার উচ্চকক্ষেও পাশ হয়েছে। এরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিলটিতে স্বাক্ষর করেছেন। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হলো। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অবরোধ এবং হুঁশিয়ারি সত্ত্বেও তড়িঘড়ি করে বিলে স্বাক্ষর করলেন পুতিন। খবর বিবিসির। সূত্র জানায়, শুক্রবার মস্কোর পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি উত্থাপন হওয়ার সময় এর পক্ষে ছিলেন ১৫৫ জন সিনেটর। এর আগে বৃহস্পতিবার বিলটি একই সংসদের নিম্নকক্ষে ৪৪৫-১ ভোটে পাস হয়। বিলটিতে পুতিনের স্বাক্ষরকে ক্রিমিয়াকে রাশিয়ার অঙ্গীভূত করে নেয়ার শেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গতকাল ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তির বিলে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার পর রুশ প্রেসিডেন্ট মস্কো এবং ক্রিমিয়াতে রাতে আঁতশবাজি পুড়িয়ে এই ‘ঐতিহাসিক’ ঘটনা উদযাপন করার নির্দেশ দেন। এর আগে ক্রিমিয়ায় মস্কোর হস্তক্ষেপে জড়িত রুশ-ইউক্রেইন কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের তালিকায় আরো ১২ জনের নাম যোগ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনকে অস্থিতিশীল করার বাড়তি কোনো পদক্ষেপ নিলে রাশিয়ার ওপর আরো বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তুতি নিয়েও রেখেছেন ইইউ নেতারা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় আছেন রাশিয়া এবং ক্রিমিয়ার কর্মকর্তারা। ইইউ’র এ পদক্ষেপে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন মোট ৩৩ জন কর্মকর্তা। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল বলেছেন, ইউক্রেইন পরিস্থিতি অবনতির দিকে গেলে আমরা আরো নিষেধাজ্ঞায় প্রস্তুত। আমরা ইউরোপীয় কমিশনকে এর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছি। ইউক্রেইন-ইইউ সহযোগিতা চুক্তি :মস্কো ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেয়ার প্রক্রিয়া শেষ করে আনার এ সময়টিতে ইউক্রেইনের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ঘটিয়ে ইইউ শুক্রবার সহযোগিতা চুক্তি সই করেছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েক ঘণ্টা পরই এ পদক্ষেপ নিল ইইউ। এটি সেই সহযোগিতা চুক্তি যা সই করতে গত নভেম্বরে অস্বীকৃতি জানিয়েছিলেন রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এদিকে রয়টার্স জানায়, পশ্চিমা বিশ্ব ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কায় পুতিন এশিয়ার দিকে মনোনিবেশ করতে পারেন।