দেশে ভুট্টার চাষ ও উত্পাদন বাড়ছে

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২০:৪৬
দেশে ভুট্টার আবাদ ও উত্পাদন বাড়ছে। আমাদের দেশে ভুট্টা এখনও মানুষ খাদ্যশস্য হিসাবে ব্যবহার করে না। মাছ ও পোলট্রি খাদ্য হিসাবে ব্যবহার হয়ে থাকে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশে ভুট্টার চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাষও বাড়ছে। রবি ও খরিপ দু’ মৌসুমেই ভুট্টার চাষ হয়ে থাকে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১০-২০১১ অর্থ বছরে দেশে দু’ লাখ ২৭ হাজার হেক্টরে ভুট্টা চাষ হয়েছিল। উত্পাদনের পরিমাণ ছিল ১৫ লাখ ৫২ হাজার টন। হেক্টর প্রতি গড় ফলন ছিল ৬ দশমিক ৮৪ টন। ২০১১-২০১২ অর্থ বছরে দু’ লাখ ৮৩ হাজার হেক্টরে ভুট্টা চাষ হয়েছিল। উত্পাদনের পরিমাণ ছিল ১৯ লাখ ৫৪ হাজার টন। হেক্টর প্রতি গড় ফলন ছিল ৬ দশমিক ৯০ টন। ২০১২-২০১৩ অর্থ বছরে ৩ লাখ ১২ হাজার হেক্টরে ভুট্টা চায় হয়। উত্পাদনের পরিমান ছিল ২১ লাখ ৭৮ হাজার টন। হেক্টর প্রতি গড় ফলন ছিল ৬ দশমিক ৯৮ টন। এবার শীতকালীন ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দু’ লাখ ৭৫ হাজার হেক্টরে। উত্পাদন লক্ষ্য মাত্র ধার্য করা হয়েছে ১৯ লাখ ৯৩ হাজার ৮শ’ টন। লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে ভুট্টা চাষ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৩ লাখ হেক্টরে ভুট্টা চাষ হয়েছে। এরপর গ্রীস্মকালীন ভুট্টা চাষ হবে। ভুট্টা চাষে খরচ কম হয়। ভুট্টার পাতা গো-খাদ্য হিসাবে ব্যবহার হয়। আবার গাছ জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে থাকে। আগেও আমাদের দেশে স্বল্প পরিষরে ভুট্টা চাষ হত। দেশে পোলট্রি শিল্পের প্রসারের সাথে সাথে ভুট্টার চাহিদা বেড়ে চলেছে। বর্তমানে দেশে ভুট্টার চাহিদা আনুমানিক ৫০ লাখ টন। বিদেশ থেকে ভুট্টা আমদানি করে চাহিদা মিটানো হয়ে থাকে। দেশে উত্পাদিত ভুট্টার একটা অংশ খৈ তৈরি হয়। এছাড়া কিছু পরিমাণ গমের সাথে মিশিয়ে আটা তৈরি হয়ে থাকে। তবে ভুট্টা খাদ্য শস্য হিসাবে ব্যবহারের অভ্যাস আমাদের দেশে গড়ে উঠেনি। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে আফ্রিকার দেশে ভুট্টা প্রধান খাদ্যশস্য হিসাবে ব্যবহার করা হয়। ভুট্টা দিয়ে মোয়া ও আধা ভাঙ্গা ভুট্টা দিয়ে ক্ষীরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা যায়। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্ঠিয়া জেলাতে এবারও বিপুল পরিমান ভুট্টা চাষ হয়েছে। চুয়াডাঙ্গা জেলার মাঠে মাঠে এখন শুধু ভুট্টা আর ভুট্টা। গত বছর এক মণ ভুট্টা ৮শ’ টাকা থেকে হাজার টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারে নতুন ভুট্টা উঠতে শুরু করেছে। তবে দাম গত বছরের চেয়ে কম। ৬শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।