মোবাইল প্রযুক্তির কল্যাণে গেল বহুদিন থেকেই যোগাযোগ মানুষের হাতের মুঠোয়। তবে যোগাযোগের এই মোক্ষম অস্ত্রটিকে কর্মক্ষম রাখতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন সেই শক্তির উত্স হিসেবে মোবাইলটিকে চার্জ দিতেও যেন আলসেমি পেয়ে বসেছে আধুনিক মানুষকে। আর তাই বিজ্ঞানীরাও প্রতি নিয়ত নানা ফন্দি ফিকির খুঁজছেন কী করে মানুষকে মুক্তি দেওয়া যায় চার্জিংয়ের যন্ত্রণা থেকে। ইতোপূর্বে কথা বলার তরঙ্গকে কাজে লাগিয়ে কিংবা পকেটে থাকা অবস্থায় মানুষের হাঁটা-চলার গতিকে কাজে লাগিয়ে মোবাইল ফোন কীভাবে চার্জ করা যায় তা নিয়ে কাজ করেছেন বিজ্ঞানীরা। আর পরীক্ষামূলক সেই প্রযুক্তিগুলো বাণিজ্যিকভাবে কতটা সফল হবে সেই প্রশ্নের মাঝেই মোবাইল চার্জিংয়ের আয়াশলব্দ নতুন আরেকটি পন্থার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির এই গবেষকরা জানিয়েছেন পরীক্ষামূলকভাবে হলেও তারা এমন একটি যন্ত্রের সম্ভাবনা দেখছেন যেটি আধুনিক যুগের টাচস্ক্রিন ফোনে মানুষের আঙ্গুলের ঘষাকে কাজে লাগিয়েই উত্পন্ন করতে পারবে কার্যকর স্থির বিদ্যুত্। আর ঘর্ষণের মাধ্যমে উত্পন্ন এই বিদ্যুত্ থেকেই হয়ে যাবে মোবাইল ফোন চার্জিংয়ের কাজটি। এই প্রক্রিয়াটির বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে গবেষকদলের প্রধান জং লি ওয়াং জানান, পরীক্ষাগারে তারা এমন একটি যন্ত্র তৈরি করেছেন যেটিতে দু’টি ধাতব পাত এমনভাবে ডিজাইন করা হয়েছে যেগুলো একটি আরেকটির সংস্পর্শে এলে স্থির বিদ্যুত্ উত্পন্ন করতে সক্ষম। আর এই মূলনীতিটিকে কাজে লাগিয়েই তারা ভবিষ্যতে এমন একটি প্রক্রিয়ার কথা বলেছেন যেটি দু’টি পাতের পরিবর্তে মানুষের আঙ্গুল ও টাচস্ক্রিনের সংস্পর্শ থেকে মোবাইল চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় বিদ্যুত্ উত্পন্ন করতে পারবে।
