আলজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের আহ্বান বিরোধীদের

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২১:১৭
আলজেরিয়ার বিরোধীদলগুলোর সমর্থকরা আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের জন্য ডাক দিয়েছেন। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে অভূতপূর্ব এক গণমিছিলে গত শুক্রবার তারা নির্বাচন বর্জনের এই আহবান জানান। ‘বয়কট’ এবং ‘জনগণ সরকারের পদত্যাগ চায়’ স্লোগান দিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ শুক্রবার আলজেরিয়ার একটি স্টেডিয়ামে জড়ো হয়। সেখানে দেশটির বিভিন্ন বিরোধী দলের নেতারাও উপস্থিত ছিলেন। আলজেরিয়ার ইসলামপন্থি এবং ধর্মনিরপেক্ষ উভয় ধরনের দলই দেশটির স্বাধীনতা যুদ্ধের নেতা ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট আবদেলাজিজ বৌতাফিকার চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, গত বছর শারীরিক অসুস্থতায় তিনি সরকার পরিচালনায় অক্ষম হয়ে পড়েছেন। জনতার উল্লাসধ্বনির মধ্যে কালচার এন্ড ডেমোক্রেসি (আরসিডি) পার্টির মিছিলে দলটির মুখপাত্র মোহসেন বেলাবেস বলেন, ‘এখানে যারা আছে,তাদের বাদ দেয়া হয়েছে, তাদের একপাশে ফেলে রাখা হয়েছে। কিন্তু এটাই সত্যিকারের আলজেরিয়া’। তিনি আরো বলেন, ‘সরকারের পতন হবে, কিন্তু আলজেরিয়া টিকে থাকবে’। ১৯৯৯ সাল থেকে বৌতাফিকা ক্ষমতায় আছেন। দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার সাংবিধানিক সীমাবদ্ধতাকে তিনি ২০০৮ সালে সংশোধন করেন। গত কয়েক মাসে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন), সেনাবাহিনীর একাংশ এবং অভিজাত ব্যবসায়ীরা তাকে নির্বাচনে জয়লাভের ব্যাপারে প্রায় নিশ্চয়তা দিয়েছে। উল্লেখ্য, এফএলএনের অভিজাত ব্যক্তি এবং সেনাবাহিনীর জেনারেলদের দ্বারা আলজেরিয়ার রাজনীতি নিয়ন্ত্রিত হয়ে থাকে, যেখানে বিরোধীদলগুলোর একত্রিত হওয়াটা খুবই বিরল ঘটনা।