কেনিয়ায় নারী সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও বৃহস্পতিবার পুরুষদের বহুবিবাহের অধিকার দিয়ে আইন পাস হয়েছে। নতুন আইনে পরবর্তী বিয়ে করার জন্য পুরুষের পূর্বের স্ত্রীর অনুমতি নেয়ার প্রয়োজন হবে না। নারী সংসদ সদস্য সোইপান তোয়া সংসদে বলেন, পুরুষের পরবর্তী বিয়ে করার ক্ষেত্রে পূর্বের স্ত্রীর অনুমতি নেয়ার বিষয়টি থাকা উচিত ছিল। খসড়া প্রস্তাবে পুরুষের পরবর্তী বিয়ের জন্য পূর্বের স্ত্রীর অনুমতি নেয়ার কথা থাকলেও পুরুষ সংসদ সদস্যদের চাপের মুখে তা তুলে দিয়েই আইন পাস হয়। এছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বা বিয়ের অনুষ্ঠানে কোন পুরুষ বিয়ে করতে না চাইলে ঐ নারীর পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাবও বাতিল করে দিয়েছেন পুরুষ সংসদ সদস্যরা। এক্ষেত্রে তাদের যুক্তি এ ধরনের আর্থিক সুবিধার আইন করা হলে বলপ্রয়োগ করে পুরুষের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করা হতে পারে।
সংসদ সদস্য জুনেট মোহাম্মেদ সংসদে বলেন, এটা আফ্রিকা। এখানে আপনি কোন পুরুষকে বিয়ে করলে জানবেন দ্বিতীয় স্ত্রী পথেই আছে। তৃতীয় স্ত্রী আসলেও অবাক হবেন না। আইন ও বিচার বিভাগীয় চেয়ারম্যান স্যামুয়েল চেপকোঙ্গা বলেন, যেকোনো পুরুষই তার দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী নিয়ে ঘরে ফিরতে পারেন। নতুন আইনের অধীনে দ্বিতীয় কিংবা তৃতীয় স্ত্রীকে ঘরে নিয়ে আসতে কারো কোন অনুমতির প্রয়োজন নেই।
