সম্প্রতি সরকার ঘোষিত বেতন স্কেলে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করাসহ ৭ দফা দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি। শুক্রবার তেজগাঁওস্থ সরকারি বিজ্ঞান কলেজে সমিতি আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকের পদ অবিলম্বে বিলুপ্ত ঘোষণা, সিনিয়র ও জুনিয়র শিক্ষকদের বর্তমান বেতন স্কেল যথাক্রমে ১২নং ও ১৩নং গ্রেডে উন্নীত করা, সহকারি শিক্ষকদের পদোন্নতির জটিলতা নিরসন করে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি কার্যকর করা, সিনিয়র শিক্ষকদের সিলেকশন স্কেল প্রদান করা।
সমিতির আহ্বায়ক মো. জাহিদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন ভূঞা, রফিকুল ইসলাম, মো. মনসুর আলী দেওয়ান, নাজমুল হক লিটন, মো. আবদুল মান্নান, কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
