আগাম শুভ জন্মদিন সাকিব

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩৫
আজকে দিনটার অপেক্ষা। রাত পোহালে আরেকটা বছর চলে যাবে তার জীবন থেকে। আসলে রাত পোহানোরও অপেক্ষা করতে হবে না। পাশ্চাত্য রীতিতে আজই রাত ১২টা ১ মিনিটে ২৭ বছর বয়সে পা রেখে ফেলবেন সাকিব আল হাসান। জন্মদিন মানে আরেকটা উত্সব, নাকি আরেকটু ‘বুড়ো’ হয়ে যাওয়ার শোক? এ নিয়ে আমি-আপনি বিতর্ক করতে পারি। সাকিবের এতে কিচ্ছু যায়-আসে বলেও মনে হয় না। জীবনের আর দশটা ব্যাপারের মতোই জন্মদিন নিয়েও নির্বিকার দেশের এই সেরা তারকা। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনাও নেই, কোনো উত্তেজনাও নেই। তবে সাকিব চাইলে এবারের জন্মদিনটা একটু ঘটা করে পালন করতে পারতেন। হংকংয়ের সঙ্গে হারের শোক, অপমান তো আছেই। সেটাকে ভুলে সাকিব যদি নিজের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে ফিরে তাকান, তাহলে নিশ্চিত করেই আনন্দিত হওয়ার মতো যথেষ্ট উপলক্ষ আছে তার। আরেকটু ভালো করে বললে বলা যায়—তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর যেন এক অন্য চেহারার সাকিব আল হাসানকে দেখছে বাংলাদেশ। আরও আক্রমণাত্মক, আরও ধ্বংসাত্মক এক সাকিব আল হাসান। কতোটা আক্রমণাত্মক? পরিসংখ্যানের আশ্রয় নেওয়া যাক। অশোভন আচরণজনিত কারণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন এশিয়া কাপে। প্রত্যাবর্তনের ম্যাচেই বিস্ফোরক চেহারায় আবির্ভূত হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে। ১৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় করেছিলেন ৪৪ রান। এই যে ‘খুনে’ চেহারা এটা আরও ভয়াবহভাবে দেখা গেল টি-টোয়েন্টির অনুশীলন ম্যাচগুলো শুরুর পর। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ বলে খেললেন ৫৮ রানের এক ইনিংস। এরপর সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে ১৮ বলে অপরাজিত ৩৭ এবং ২৭ বলে ৩৪ রানের দুই ইনিংস। পাশাপাশি হংকংয়ের বিপক্ষে ৩টি এবং আফগানিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার পথে ৩টি উইকেট। এই সময়ে সাকিব যে ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, তাতে ৮১ রান করেছেন; স্টাইক রেট ১৪২.১০! ক্যারিয়ার স্টাইক রেটের চেয়ে যা ঢের বেশি। এই সময়ে ৬টি উইকেটও নিয়েছেন এই ফরম্যাটে। টি-টোয়েন্টিতে এই দারুণ ফর্মের পুরস্কারটা পরিসংখ্যানের বইও দিচ্ছে সাকিবকে। এখন পরিসংখ্যানের বিবেচনায় বিশ্বের তৃতীয় সেরা ব্যাটিং অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫০০-এর ওপরে রান এবং ৪০-এর ওপরে উইকেট পাওয়া বিশ্বের মাত্র তৃতীয় খেলোয়াড় এখন সাকিব আল হাসান। সঠিকভাবে সাকিবের এখন ৪২টি উইকেটের পাশাপাশি রান ৬৪৭। তার ওপরে আছেন শুধু শহীদ আফ্রিদি (১০৫২ রান ও ৭৩ উইকেট) এবং মোহাম্মদ হাফিজ (১২৬৫ রান ও ৪৪ উইকেট)। এই অসামান্য পরিসংখ্যানই বলছে, টেস্ট ও ওয়ানডের মতো এই ফরম্যাটটাও নিজের করে নিচ্ছেন সাকিব। এখন দেখার বিষয় এই চলমান ফর্মের উপকারিতায় টি-টোয়েন্টির এই বিশ্বসেরা টুর্নামেন্টে বাংলাদেশকে কতোদূর নিয়ে যেতে পারেন তিনি।