চ্যাম্পিয়নদের জয়ে শুরু স্বাধীনতা কাপ ফুটবল

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩৬
শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়া চক্র জয় দিয়ে স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট শুরু করলেও ড্র করেছে অফিস দল বিজেএমসি। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ৩-০ গোলে পরাজিত করে চট্টগ্রাম আবাহনীকে। অপরদিকে বিজেএমসি গোল শূন্য ড্র করে রহমতগঞ্জের সাথে। শেখ রাসেলের হয়ে মিঠুন দুটি এবং প্যাসকেল এক গোল করেন। মিঠুন হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নিজেরই গাফিলতির কারণে হ্যাটট্রিক পাননি। এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও তার সামনে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল। কিন্তু সুযোগগুলো হেলায় হারিয়েছেন মিঠুন। ম্যাচের তিনটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধটা ঠেকিয়ে দিয়েছিল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শেখ রাসেলকে। দ্বিতীয়ার্ধে গিয়ে ভেঙ্গে পড়ল চট্টগ্রাম আবাহনী। রক্ষণভাগের দুর্বলতায় আর দলের বিদেশি ফুটবলারদের ব্যর্থতায় চট্টগ্রামের দলটি হার নিয়ে মাঠ ছাড়ল। ৬৩ ও ৭৩ মিনিটে মিঠুন ২-০ এবং ৬৬ মিনিটে গোল করেন হাইতির প্যাসকেল ৩-০। হাইতির এই ফুটবলার ঢাকায় আসার পর এবারই প্রথম গোলের দেখা পেলেন দুর্বল চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে। লিগের শেষ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু ওপেন নেট পেয়েও গোল করতে পারেননি প্যাসকেল। কাল প্রথম গোলের দেখা পেয়ে বেশ খুশি। মনে হচ্ছিল জট খুলেছে। শেখ রাসেলের কোচ মারুফুল হক প্যাসকেলের উপর অসন্তুষ্ট না। কারণ সে সময় পেয়েছে কম। সনি নরদে অনেক সময় পাওয়ার পর নিজেকে মেলে ধরেছেন। প্যাসকেলের ব্যাপারেও সেটি হতে পারে। মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলের চার নম্বর গ্রুপে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শেখ রাসেল কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকলো। গ্রুপ পর্বে এই দলের দ্বিতীয় এবং শেষ ম্যাচ ব্রাদার্সের বিরুদ্ধে বুধবার। দিনের অন্য খেলায় এক নম্বর গ্রুপে বিজেএমসি ও রহমগঞ্জ গোল শূন্য ড্র করেছে। বিজেএমসির যতটা না লাভ তার চেয়েও বেশি আত্মতৃপ্তি রহমতগঞ্জের। কারণ পুরান ঢাকার এই দলটি খেলছে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে। সেই দল পেশাদার লিগের বড় আসরের বিজেএমসির কাছ থেকে ১ পয়েন্ট কেড়ে নিয়েছে। এটাই রহমতগঞ্জের কাছে বড় প্রাপ্তি। স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজ্জামেল হক। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজকের খেলা ঃ আবাহনী ও আরামবাগ এবং শেখ জামাল ও উ.বারিধারা ক্লাব (৪টা ও ৬টা)।