টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মূল একাদশ থেকে তৃতীয় খেলোয়াড় হিসাবে চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হলেন লুক রাইট। গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় রাইটের মাঠে না নামার বিষয়টি। এই মারমুখী অলরাউন্ডারের জায়গায় উড়িয়ে আনা হচ্ছে উইকেট রক্ষক ব্যাটসম্যান ক্রেইগ কিসওয়েটারকে। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সর্বশেষ সিরিজে ইংল্যান্ড হারায় জো রুট এবং বেন স্টোকসকে। আঙ্গুলে বল লাগায় ছিটকে যান রুট আর হতাশায় লকারে ঘুষি মেরে হাত ভেঙ্গে ফেলেন স্টোকস। আর পেটের পাশের পেশীতে টান লাগায় এবার দলের বাইরে চলে গেলেন রাইটও। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন রাইট গত বেশ কিছুদিন ধরেই তিন নম্বর পজিশনে দলের মূল ভরসা। আর সেদিক থেকে কিসওয়েটারের অভিজ্ঞতা অনেক কমই বলা চলে।
ইংল্যান্ডের হয়ে ২৫ টি টি-টোয়েন্টি খেলা এই উইকেটরক্ষক জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে কিসওয়েটারকে দলে ফেরাতে বড় ভূমিকা পালন করেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে ব্রিসবেনের হয়ে তার পারফরম্যান্স।
হতাশ রাইট অনলাইনে এক বার্তায় জানিয়েছেন বিশ্বকাপে দলের অংশ হতে না পারায় নিজের কষ্টের কথা, ‘চোটের কারণে বিশ্বকাপে খেলতে না পারাটা সত্যিই দারুণ হতাশাজনক। নিজেকে সান্ত্বনা দিচ্ছি এই ভেবে যে, দ্বিতীয় সন্তানের জন্মের সময় এখন আমি তার পাশে থাকতে পারবো।’
