ক্রিমিয়াতে অবস্থিত ইউক্রেনের একটি বিমান ঘাঁটিতে অভিযান চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। গতকাল শনিবার সামরিক ট্যাংক নিয়ে রুশ সেনারা এই অভিযানের সময় দফায় দফায় গুলিবর্ষণ করে। বেলবেকে অবস্থিত এই ঘাঁটিতে গুলিবর্ষণে কেউ নিহত না হলেও একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
এর আগে একই দিন ক্রিমিয়ায় ইউক্রেনের নৌবাহিনীর ঘাঁটিতে হামলা চালায় রুশ নাগরিকরা। নোভোফেডোরিভকা অঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে শনিবার শত শত রুশ বিক্ষোভকারী হামলা চালায়। তারা ইউক্রেনের একাধিক নেভী জাহাজও আটক করেছে। তারা দাবি করে, গোটা ক্রিমিয়া এখন রাশিয়ার। সুতরাং এখানে ইউক্রেনের কারো উপস্থিতির অধিকার নেই।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তির বিলে স্বাক্ষর করেন। এরপর আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়া রাশিয়ার অংশ হয়ে যায়। ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ গোটা বিশ্ব তীব্র প্রতিবাদ জানালেও রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের সাথে যুক্ত করা থেকে নিবৃত হয়নি। খবর বিবিসির।
সূত্র জানায়, গতকাল ক্রিমিয়ায় ইউক্রেনের বিমানঘাঁটির কাছে গিয়ে রুশ সেনারা ফাঁকা গুলিবর্ষণ করে। এরপর দুটি ট্যাংক নিয়ে সেখানে অভিযান চালায়। এর কিছুক্ষন পর ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, আহতদের সরিয়ে নিতে এই অ্যাম্বুলেন্স সেখানে গিয়েছিল। পরে ইউক্রেনের সেনাদের এক জায়গায় জড়ো করে রুশ সেনারা। ক্রিমিয়ায় অবস্থিত ইউক্রেনের সেনারা জানিয়েছে, কিয়েভ থেকে কোনো নির্দেশনা না আসায় তারা সেখানে অবস্থান করছে। কিন্তু ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হবার পর রাশিয়া চাইছে দ্রুত ইউক্রেনের সেনাদের সেখান থেকে বিতাড়িত করতে।
