আজ শপথ ৪৮ নারী এমপির

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২৩:০১
দশম জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে নির্বাচিত ৪৮ জন আজ রবিবার শপথ নিচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) তাদেরকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করায় শপথ পাঠ করানোর উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বেলা ১১টায় সংসদের শপথ কক্ষে তাদেরকে শপথ পাঠ করাবেন। সকালে শপথের পর বিকাল ৫টায় তারা অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে। দশম সংসদের চলতি প্রথম অধিবেশন চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের সদস্যরা সংসদে যোগ দেয়ার পর অবশিষ্ট সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে। বিগত নবম সংসদেও প্রথম অধিবেশনেই সবগুলো সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই ৪৮ জনের মধ্যে আওয়ামী লীগের ৩৮, জাতীয় পার্টির (জাপা) ৫, স্বতন্ত্র জোটের ৩ এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন করে সদস্য রয়েছেন। ৫০ আসনের বিপরীতে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিলখেলাপির দায়ে আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাপার খুরশিদা আরা হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করলেও শুনানি শেষে ১৬ মার্চ নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করেন। এই দুইটি সংরক্ষিত আসনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।