বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা

গজারিয়া আওয়ামী লীগের সভাপতিসহ ৩ জন গুরুতর আহত

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২৩:০৩
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুরে উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান (৬০), গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতীক (৬২) এবং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জি এম মোস্তফাকে (৫০) প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে নেতাকর্মীরা শনিবার দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। অপরাধীদের ৬ ঘন্টার মধ্যে গ্রেফতারে এসপির আশ্বাসের পর বেলা সোয়া ১টায় অবরোধ তুলে নেয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটেরচর থেকে প্রাইভেটকারে গজারিয়াস্থ আওয়ামী লীগ প্রার্থীর বাড়ি যাওয়ার সময়ে তাদের ওপর আকস্মিক এই হামলা চালানো হয়। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। এই চেয়ারম্যান প্রার্থী জানান, শুক্রবার থেকে এলাকায় বহিরাগত সন্ত্রাসী ও অস্ত্রধারীরা মোটরসাইকেল নিয়ে মহড়াসহ নানাভাবে আতঙ্ক সৃষ্টি করছে। র্যাব ও পুলিশের যথাযথ ভূমিকা থাকলে এসব ঘটনা ঘটতে পারতো না বলে অভিযোগ করেন তিনি। এদিকে এই ঘটনায় সোলায়মান দেওয়ানের ছোট ভাই বোরহান দেওয়ান বাদী হয়ে ২৩ জনকে আসামি করে গজারিয়া থানায় অভিযোগ দাখিল করেছে। গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ নিরপেক্ষভাবে যথাযথ দায়িত্ব পালন করছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়ে গেছে। গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।