ভারতে আগামী মাসে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে বড় দুটি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেসের দেওয়া প্রার্থীদের প্রতি তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে! অবিশ্বাস্য শোনালেও এমন তথ্য দিয়েছে ভারতের ন্যাশনাল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। প্রতিষ্ঠানটির পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিজেপি ও কংগ্রেসের ঘোষিত ৪৬৯ জন প্রার্থীর মধ্যে ২৮০ জন প্রার্থীর হলফনামা যাচাই করে এডিআর দেখতে পেয়েছে এদের মধ্যে ৩০ শতাংশের বিরুদ্ধেই বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। ১৩ শতাংশের বিরুদ্ধে রয়েছে খুন বা অপহরণের মতো গুরুতর অভিযোগ। বিজেপি প্রার্থীদের ৩৫ ভাগের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। আর ১৭ শতাংশ গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত।
অন্যদিকে, কংগ্রেসের ২৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে তথ্য মিলেছে। এদের মধ্যে ১০ শতাংশ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত। অবশ্য উভয় দলই এই অভিযোগ অস্বীকার করেছে। খবর এনডিটিভির।
