নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন এক সাবেক গৃহকর্মী। বাংলাদেশি নাগরিক গৃহকর্মী মাসুদ পারভেজ রানা নিউইয়র্কের ম্যানহাটনে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা তাহসিনা প্রভা গৃহকর্মী রানাকে প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক তিন হাজার মার্কিন ডলারের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেননি। সাপ্তাহিক ছুটি না দিয়ে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে প্রতিদিন প্রায় ২০ ঘন্টা কাজ করাতেন। এর উপর ১৮ মাস ধরে শারীরিক ও মানসিক নির্যাতন এবং জীবনহানির হুমকি দিতেন মনিরুল ইসলাম দম্পতি।
গত শুক্রবার মাসুদ পারভেজ রানা এই মামলাটি দায়ের করলে সে খবর এপি, নিউইয়র্ক পোস্টসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। মনিরুল ইসলাম সম্প্রতি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পান। আগামী সপ্তাহে তিনি নতুন পদে যোগদান করবেন। বহুল আলোচিত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগারের বিরুদ্ধে দায়ের করা গৃহকর্মীর মামলার আইনজীবী ডানা সাসম্যান মাসুদ পারভেজ রানার আইনজীবী হিসাবে কাজ করছেন বলে জানা যায়।
কনসাল জেনারেল মনিরুল ইসলাম গতকাল শনিবার ইত্তেফাক প্রতিনিধির জিজ্ঞাসার জবাবে বলেন, গৃহকর্মী রানা মিথ্যা অভিযোগ করেছেন। তার সব অভিযোগ মৌখিক, কোন প্রমাণ দাখিল করতে পারেননি। তিনি আমার ব্যক্তিগত গৃহকর্মী হিসাবে বাংলাদেশ থেকে এসেছেন এবং তার আমার নতুন কর্মস্থল মরক্কো যাওয়ার কথা। কিন্তু দুই সপ্তাহ আগে পালিয়ে গেছেন। রানা এখন যুক্তরাষ্ট্রে অবৈধ নাগরিক। ওর বাবা বাংলাদেশে আমার কাছ থেকে ২০ লাখ টাকা অগ্রিম নিয়েছেন। এই অর্থ রানার বেতন হিসাবে সমন্বয় হবে। এমন দালিলিক প্রমাণ রয়েছে। মনিরুল ইসলাম দাবি করেন, বাসা থেকে বের হতে না দেয়া, কথিত নির্যাতন, দিনরাত খাটানো সবই মিথ্যা অভিযোগ।
