গত ৫ মাসের মধ্যে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বনিম্ন লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৩ কোটি টাকা। এর আগে ২৩ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ২৩০ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, একদিকে বাজারের সূচক কমছে অন্যদিকে লেনদেনও কমে যাচ্ছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পরও দফায় দফায় শেয়ারের দর পতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিচ্ছে। তবে এক মাস আগেও ডিএসই’র সূচক অনেক বেড়ে যাওয়ায় এ দর পতনে আশাহত হওয়ার কিছু নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে কিছুটা আশার অভাব দেখা যাচ্ছে। ফলে লেনদেন কমে গেছে। এদিকে বাজারে সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতার মধ্যেও ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর বেড়েছে প্রায় দেড় শতাংশ। এছাড়া বস্ত্র খাতের কোম্পানি ও ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানিগুলো ভালো করেছে। দাম বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৫টিই ছিল বস্ত্র খাত।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৬১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪ কোটি ২২ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
