বলিউডের ঐতিহ্যবাহী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এখন থেকে কলকাতার বাংলা ছবির জন্য বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শিরোনামেও অনুষ্ঠিত হবে। এবারই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রথম হতে যাচ্ছে, এখন থেকে এটি নিয়মিতই হবে। আর এই প্রথম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘আবর্ত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বাংলা চলচ্চিত্রে প্রথমবার কাজ করে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত করা হয় তাকে। আগামী ২৯ মার্চ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জয়ার সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন তৃধা চৌধুরী ‘মিশর রহস্য’, নেহা পাণ্ডে ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ এবং সোহিনী সরকার ‘রূপকথা নয়’, ‘ফড়িং’, জয়া ছাড়াও ‘আবর্ত’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন সেরা নবাগত পরিচালক অরিন্দম শীল, গীতিকার সুগত গুহ, কণ্ঠশিল্পী উজ্জয়ীনি মুখোপাধ্যায়।
