অনন্যা, জয়তু, দুর্বা, সোনালী পরম আনন্দে সরায় রং করছেন, অন্যদিকে মাটির মুখোশ তৈরি করছেন আর একদল নবীন শিল্পী। তারা সবাই নিজের মনের মাধুরী মিশিয়ে তৈরি করছেন বর্ষবরণ উত্সবের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ। হ্যাঁ; শুরু হয়েছে চারুকলার নববর্ষবরণ উত্সব প্রস্তুতি। গতকাল ছিল চৈত্রের নয় তারিখ। বৈশাখ যত ঘনিয়ে আসবে তত বাড়বে ব্যস্ততা। তবে এখনো তাদের মধ্যে উত্সাহের কমতি নেই। সরা-মুখোশ তৈরি আর তা বিক্রির মধ্য দিয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছে একটু একটু করে, বাড়ছে প্রস্তুতির ব্যাপকতা।
শেষবর্ষের কোহিনূর আক্তার বীথি জানান, প্রতিবছর চারুকলা ইনস্টিটিউটের শেষ ব্যাচ থাকে এই শৈল্পিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে্। এবছর সেশনজটের কারণে একসাথে তিন ব্যাচের শিক্ষার্থীরা পালন করছে সেই দায়িত্ব। তিনি আরো জানান, গত ২০ মার্চ তাদের ডিন স্যার অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভি, অধ্যাপক শিশির ভট্টাচার্য নিজেরা কাজ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই কর্মযজ্ঞ। কর্মযজ্ঞই বটে, লাখো মানুষের ঢল নামবে পহেলা বৈশাখে-১৪২১কে বরণ করতে। একই বর্ষের অর্পিতা সিংহ লোপা বলেন, প্রতিদিনই বাড়ছে তাদের কাজের পরিধি। এখন দিনে মুখোশ, সরা বা মঙ্গলঘট আর ছোটখাটো পটসহ দিনে পনের-বিশটা তৈরি হলেও এক সপ্তাহ অন্তর তা দাঁড়াবে একশ থেকে দেড়শটিতে। ওবায়দুল ইসলাম মিঠু আছেন গ্রাফিক্স ডিজাইনিং-এ। তিনি হিসাব রাখছেন বিক্রি হওয়া পণ্যের। আর বিক্রির টাকা দিয়ে রং, কাগজ, পেস্ট প্রভৃতি কেনা হবে। মিঠু বলেন, স্যারদের করা শিল্পকর্মের দাম স্বভাবতই বেশি। ৩শ’ টাকা থেকে দশ হাজার টাকার শিল্পকর্ম পাওয়া যাচ্ছে এখানে। অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভি বলেন, তারা বাঙালির লোক- ঐতিহ্যকে এ কাজে বেশি গুরুত্ব দেন। ছাত্র-শিক্ষকদের চিত্রকর্ম বিক্রি করে যে টাকা আয় হয় তা দিয়েই এগুলোর ব্যয় মিটানো হয়। তারা কোন স্পন্সরের সহযোগিতা নেন না। তিনি বলেন, ১৯৮৫ সাল থেকে নিয়মিত চারুকলা ইনস্টিটিউট এই মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে আসছে। প্রতিবছরই সামাজিক অপশক্তিকে প্রতিরোধ করার জন্য একটি বার্তাবহন করে এই শোভাযাত্রা। সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেই তা নির্ধারণ করা হয়। এবছরের জন্য যা এখনো নির্ধারিত হয়নি বলে তিনি জানান। শুধু চারুকলায় অধ্যয়নরত শিক্ষার্থীরা নয়, এই কাজের প্রতি ভালোবাসা প্রকাশ করতে যুক্ত হন পাস করে পেশাগত জীবন শুরু করা প্রাক্তন শিক্ষার্থীরাও। বিকালে তাদের আগমনে সরগরম হয়ে উঠে চারুকলার মূল ভবনের সিঁড়ির পাদদেশ।
