বাংলাদেশের ৮০ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে যেতে পারে

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২২:২১
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রায় ৮০ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে যেতে পারে। কিছুসংখ্যক মানুষ ইতিমধ্যে ঢাকা চট্টগ্রামের মত শহরগুলোতে উদ্বাস্তু হয়ে দিন কাটাচ্ছে। গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদের আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সমস্যা ও দেশীয় পদক্ষেপ: বাংলাদেশ কেস স্টাডি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। গবেষণা অনেক করা হয়েছে। এখন কাজ করা প্রয়োজন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের জন্য ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড ২০ কোটি ডলার দেয়ার প্রস্তাব করেছে। তবে এটা যথেষ্ট নয়। তার মতে, এই ক্ষতি কাটিয়ে নিতে আমাদের ২০০ কোটি ডলারের প্রয়োজন। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের জন্য যে তহবিল গঠন করা হয়েছে তার আকার আরও বাড়ানো প্রয়োজন। তবে এই তহবিলের টাকা ছাড়াই কার্বন নিঃসরণের মাত্রা কমানোর ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ভূমিকা রাখতে শুরু করেছে বলেও জানান তারা। এদিকে সরকারের ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাংলাদেশ উন্নয়ন পরিষদ দেশের ২০ উপজেলায় একটি স্বল্পমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে বলেও সভায় বলা হয়। এছাড়া সাতক্ষীরার শ্যামনগরে সৌরবিদ্যুত্ চালিত মিষ্টি পানি সরবরাহ প্রকল্প ও অন্য দুইটি জেলায় বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর মাধ্যমে জনগণকে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান বক্তারা। বাংলাদেশ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ও পরিবেশ বিশেষজ্ঞ ড. রেজাউল করিম বলেন, নিজস্ব অর্থায়নে করা এসব কাজের জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উন্নত দেশগুলো প্রতিশ্রুত অর্থ দিলে আমরা আরও এগোতে পারতাম। তিনি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কেমন ক্ষতি হবে তা সঠিকভাবে জানার জন্য বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিলের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের রিসার্চ ফেলো ড. গোলাম মাহাবুব সরওয়ার ও বাংলাদেশ উন্নয়ন পরিষদের সিনিয়র রিসার্চ এসোসিয়েট তরফদার মো. আরিফুর রহমান। আলোচক ছিলেন পিকেএসএফ-এর ম্যানেজিং ডাইরেক্টর ড. আব্দুল করিম, অক্সফামের কান্ট্রি ডাইরেক্টর স্নেহার সনিজি এবং আয়োজক সংস্থা বিইউপির নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু প্রমুখ।