তারা তিন ভাই। তিন ভাইই পরিচয়ে উইকেটরক্ষক। এর মধ্যে বড় ও ছোট ভাইয়ের আরও একটা মিল আছে—অন্তত টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে পেলেই ত্রাস হয়ে ওঠেন তারা। গতকাল আরও একবার এই কথাটা সত্যি বলে প্রমাণ করে দিলেন কামরান আকমল ও উমর আকমল। এক সাথে এই দুইজন মিলে যোগ করেন ৯৬ রান। আর মূলত এই জুটির তাণ্ডবের কারণেই অস্ট্রেলিয়া বার বার ম্যাচে ফিরেও হেরে মাঠ ছাড়তে বাধ্য হল।
তৃতীয় উইকেট জুটিতে এটা পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান। কাকতালীয়ভাবে, এই জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডেও আছেন এই আকমল ভাইদের একজন।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে মোহাম্মদ হাফিজের সাথে এক সাথে ১০২ রান যোগ করেছিলেন উমর আকমল। আবার গতকাল যে জুটিটিকে চপকাল উমর ও কামরান; সেই ‘সাবেক’ দ্বিতীয় সেরা জুটিতেও ছিলেন কামরান! তৃতীয় উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি রেকর্ড এখন মিসবাহ ও কামরানের। সেবার দুবাইয়ে মিসবাহ উল হকের সাথে মিলে ৮৫ রান করেছিলেন বড় ভাই। সেই ম্যাচটিও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই!
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ভাইয়ের জ্বলে ওঠার ইতিহাস অবশ্য নতুন কোন ঘটনা নয়। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে সব মিলিয়ে অনুষ্ঠিত ১২টি টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন কামরান আকমল। ৪৫.৭৫ গড়ে তার রান ৩৬৬। দ্বিতীয় স্থানেই আছেন আবার ছোট ভাই উমর আকমল। ১০ ম্যাচ খেলে ৪৩.১৪ গড়ে তিনি করেছেন ৩০২ রান।
অথচ, এই দুইজনের তাণ্ডব শুরু হবার আগে অস্ট্রেলিয়ান পেসারদের দাপটে রীতিমতো কাঁপছিল পাকিস্তান। ২৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ ও অধিনায়ক মোহাম্মদ হাফিজ। পাওয়ার প্লের ছয় ওভারে রান ওঠে মাত্র ৩৬।
সেই অবস্থা থেকে আট ওভার তিন বল একসাথে থেকে এই দুইজনের ব্যাট থেকে আসে ৯৬ রান। ইনিংসের ১৩তম ওভারে ৩১ রান করে বড় ভাই আউট হয়ে গেলেও ছোট ভাই ছিলেন একদম শেষ পর্যন্ত। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মিশেল স্টার্কের করা ফুলটস বল তুলে মেরেছিলেন লং অনে, গ্লেন ম্যাক্সওয়েল সহজ সেই ক্যাচ ধরতে কোন ভুল করেননি।
যদিও ছক্কা হয়ে গেলে উমর আকমল হয়ে যেতেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান। ৯৪ রানের সুবাদে অবশ্য সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৮ রানে অপরাজিত ছিলেন ওপেনার আহমেদ শেহজাদ।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে করলো ১৯১ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। সেন্ট লুসিয়ায় ২০১০ সালের বিশ্বকাপের সেমিফাইনালেও এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৯১ রানই তুলেছিল পাকিস্তান।
ঐতিহাসিক সেই ম্যাচে এক বল বাকি থাকতে তিন উইকেটের জয় এনেছিলেন মাইক হাসি। এবার তিনি নেই। ম্যাচের ফলটাও গেল পাকিস্তানের পক্ষে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানী ব্যাটসম্যানের সর্বোচ্চ রান
ব্যাটসম্যান ম্যাচ রান গড় সর্বোচ্চ
কামরান আকমল ১২ ৩৬৬ ৪৫.৭৫ ৬৪
উমর আকমল ১০ ৩০২ ৪৩.১৪ ৯৪
মিসবাহ উল হক ০৪ ১৩১ ৪৩.৬৬ ৬৬*
পাকিস্তানী ব্যাটসমানের সর্বোচ্চ রানের ইনিংস
খেলোয়াড় ইনিংস প্রতিপক্ষ সাল ভেন্যু
আহমেদ শেহজাদ ৯৮* জিম্বাবুয়ে ২০১৩ হারারে
উমর আকমল ৯৪ অস্ট্রেলিয়া ২০১৪ ঢাকা
মিসবাহ উল হক ৮৭* বাংলাদেশ ২০০৮ করাচি
