চট্টগ্রামে আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের দু’টি ম্যাচ হবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আর সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়া কাপ জয়ী আত্মবিশ্বাসী শ্রীলংকা মুখোমুখি হবে নবাগত নেদারল্যান্ডসের।
গত শনিবার রাতভর বৃষ্টি হলেও কাল সারাদিন আকাশ ছিল প্রায় মেঘমুক্ত। আজও তেমনই থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে ম্যাচে বৃষ্টির বাগড়ার সম্ভাবনা কম। কাজেই প্রকৃতির কাছ থেকে কোন বাধা না আসলে জমজমাট দুটি ম্যাচই আশা করছেন সবাই। ম্যাচটিকে সামনে রেখে গতকাল অনুশীলন করেছে চার দলই।
সব হিসেব পাল্টে দিয়ে সুপার টেনে উঠা নেদারল্যান্ডস আজ শ্রীলংকার বিপক্ষে কী করে সেটাই দেখার বিষয়। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলংকা ও নেদারল্যান্ডসের এটি প্রথম সাক্ষাত্। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাচদের অবিশ্বাস্য ব্যাটিং ছিল চমকে দেয়ার মত। সেই ম্যাচে আয়ারল্যান্ডের ১৮৯ রান নেদারল্যান্ডস টপকে গিয়েছিল মাত্র মাত্র ১৩.৫ ওভারে। সেই ডাচরা এবার আসল পরীক্ষার সামনে।
ডাচ অধিনায়ক পিটার বোরেনের কথা শুনে অবশ্য মনে হয় সুপার টেনে উঠতে পেরেই তারা খুশি। অভিষেক বিশ্বকাপে এর চেয়ে বেশি কিছু তাদের প্রত্যাশাও ছিল না। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে পিটার বোরেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের টিকেট প্রাপ্তিটাই তাদের পরম পাওয়া। সেটা পেয়ে তারা এখন ভারমুক্ত। তাই পরের ম্যাচগুলোর ব্যাপারে তাদের মধ্যে কোনো চাপ কাজ করছে না। তিনি বলেন, আমরা ইতিবাচক ক্রিকেট খেলবো। ফলাফল কি হবে তা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না।’
ডাচ অধিনায়ক শ্রীলংকার বিরুদ্ধে দলে কোনো পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন।
