গত শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিরুদ্ধে আর্সেনালের ছয় গোল খাওয়ার চেয়েও বড় সংবাদ হয়ে উঠেছিল কাইরন গিবসের লাল কার্ড পাওয়ার ঘটনাটি। কারণ, যে অপরাধের জন্য গিবসকে মাঠ ছাড়তে হয়েছিল সেটি তিনি করেনইনি! অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনের অপরাধে গিবসকে লালকার্ড দেখিয়ে রাতারাতি কুখ্যাতি কুড়িয়েছেন ম্যাচের রেফারি আন্দ্রে মেরিনার। তবে ঐ ঘটনার একদিন পরেই গতকাল ঐ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন মেরিনার। মেরিনারের বরাতে রেফারিদের আন্তর্জাতিক সংগঠন এক লিখিত বার্তায় জানায়, ‘যদিও এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল তবে সঠিক খেলোয়াড়টিকে চিন্তিত করতে না পেরে সে সত্যিই দু:খিত। সে আর্সেনাল কতৃপক্ষের কাছেও তার হতাশার কথা জানিয়েছে।’ ম্যাচে পোস্টে ঢোকার সময় একটি বল হাত দিয়ে ঠেকান চেম্বারলেইন। কিন্তু এই অপরাধের জন্য মেরিনার লাল কার্ড দেখান গিবসকে।
