আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলে গতকাল রবিবার নিজ নিজ খেলায় জয়ী হয়েছে। আবাহনী ২-০ গোলে আরামবাগকে এবং শেখ জামাল ৪-০ গোলে পরাজিত করে উত্তর বারিধারা ক্লাবকে।
তবে জয় দুইটিকে ছাপিয়ে যায় আরামবাগের ফুটবলার মনোয়ার হোসেনের লাল কার্ড পাওয়া। খেলা থেকে অনেক আগেই সরে যাওয়া, এমনকি খেলবেন না বলে কোচিং কোর্স করে সি লাইসেন্সও নেন তিনি। তারপরও হঠাত্ করে আবার আবাহনীর বিরুদ্ধে খেলতে এসে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন তিনি।
৪৩ মিনিটে আবাহনীর খেলোয়াড়ের সাথে বল দখলে পেরে না উঠে ফাউল করেন মনোয়ার। শুধু তাই নয়, রেফারিকে ভুবন মোহন তরফদারকে অশ্রাব্য ভাষায় গাল দেয়ার কারণে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। লাল কার্ড দেয়ার কারণে আরামবাগের সাত/আট জন ফুটবলার রেফারিকে ঘিরে ধরেন। কেউ গায়েও হাত তুলেছেন। ঠেলে ঠেলে পেছনে নিয়ে যান। পা চালিয়েছেন রেফারির গায়ে। রনি এবং মনোয়ার আঘাত করলেন। রেফারিকে বাঁচাতে মাঠে ঢুকলো সাত/আট জন পুলিশ। ১০ মিনিট খেলা বন্ধ থাকলো। পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা পুনরায় শুরু হয়। ১০ জন নিয়ে খেলা শুরু করে আরামবাগ দুই গোল হজম করে।
প্রতিযোগিতার ২ নম্বর গ্রুপের খেলাটিতে ৫১ ও ৬১ মিনিটে গোল করে আবাহনীকে জিতিয়েছেন ক্যামেরুনের ফুটবলার একেলে প্যাটট্রিক। বাকি সময় আবাহনী আরামবাগের ১০ জনকে পেয়ে গোলের সংখ্যা বাড়াতে পারেনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সন্ধ্যার ম্যাচে শেখ জামাল ৪-০ গোলে জিতলো উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে। ১৬ মিনিটে সনি, ১৮ মিনিটে এমেকা ডার্লিংটন, ২৪ মিনিটে সনি নিজের দ্বিতীয় গোল এবং ৩৫ মিনিটে সোহেল রানা ম্যাচের চতুর্থ গোল করেন ৪-০। পুরো ম্যাচে একবারই উত্তর বারিধারা গোলের সুযোগ পেয়েছিল; কিন্তু দুর্ভাগ্যের কারণে গোল পায়নি। গোল লাইন থেকে তা ফিরিয়েছেন শেখ জামালের খেলোয়াড়। গত ২০ মার্চ প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ৮-০ গোলে এই বারিধারাকে হারিয়েছিল। এখন আবার স্বাধীনতা কাপে নিজের প্রথম ম্যাচে দুই দলের মুখোমুখিতে আবার চার গোল হজম করল দলটি। আজকের খেলাঃ ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী। সকার ক্লাব ও রহমতগঞ্জ, ৪টা ও ৬টা।
