ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার গোলবন্যার এক রাতে স্ট্যামফোড ব্রিজে আর্সেনালকে ছয় গোলে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে চেলসি। অন্যদিকে, লিভারপুল কার্ডিফ সিটির মাটিতে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে ৬-৩ গোলে। তবে চেলসির চাইতে তিন ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি বলছেন, কোন্ দল শিরোপা জিতবে সেটা নিশ্চিত করে বলার সময় আসেনি এখনও। এই তিন দলের বাইরে পয়েন্ট টেবিলের চতুর্থ দল আর্সেনালেরও শিরোপা জেতার সমান সুযোগ আছে বলে মনে করছেন তিনি।
সর্বমোট ৩৮ রাউন্ডের প্রিমিয়ার লিগে ৩১তম রাউন্ড শেষে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। আর হোসে মরিনহোর দলের চাইতে এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। আর লিভারপুলের চাইতেও দুই ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান তৃতীয় স্থানে। সিটির চাইতে এক পয়েন্ট কম নিয়ে ৩০ ম্যাচ খেলে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।
তবে পেলিগ্রিনি বলছেন, কাউকে শিরোপা দৌড়ের নিশ্চিত বিজয়ী বলে ঘোষণা করার সময় আসেনি এখনো। যদিও সিটি এবং চেলসি অন্য সবার চাইতে তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে আছে বলে স্বীকার করেছেন তিনি। ফুলহ্যামকে ৫-০ গোলে বিধ্বস্ত করার পর সাবেক এই মালাগা কোচ বলেন, ‘এটা কেবল সিটি আর চেলসির মধ্যেই সীমাবদ্ধ নেই। আমাদের সবার উচিত লিভারপুলের দিকে তাকানো। তারা প্রতি ম্যাচেই উন্নতি করছে এবং গোল করছে। আর্সেনাল চেলসির সাথে একটি বাজে রাত কাটিয়েছে। তবে এটাও মনে রাখতে হবে তারা একটি ম্যাচ কম খেলেছে। সব মিলে আমার মনে হয় চারটি দলেরই সমান সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার।’
এই সিদ্ধান্তের পেছনে যৌক্তিকতাও তুলে ধরেছেন এই চিলিয়ান, ‘চেলসিকে এখনো সাতটি ম্যাচ খেলতে হবে। আমাদের দশটি। আর্সেনাল-লিভারপুলেরও আটটি ম্যাচ বাকি। এর মধ্যে যে কোন কিছুই ঘটতে পারে। সুতরাং, কোন দুটি দলকে শিরোপা দৌড়ে এগিয়ে রাখার সময় এটা নয়।’
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অলিম্পিয়াকোচকে ৩-০ গোলে হারিয়ে মোট ৩-২ গোলের অগ্রগামিতা নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখা ম্যানচেস্টার ইউনাইটেডও জয় পেয়েছে শনিবার রাতে। ওয়েইন রুনির দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট হ্যামকে তাদেরই মাঠে ইউনাইটেড হারিয়েছে ২-০ গোলে। নিয়মিত স্ট্রাইকার রবিন ফন পার্সি চোটের কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় এ রাতে মূল স্ট্রাইকারের ভূমিকায় খেলতে নামা রুনির কাছ থেকেই এসেছে দুটি গোল। যার মধ্যে প্রথমটি ছিল প্রায় ৫০ মিটার দূর থেকে নেয়া অবিশ্বাস্য এক ভলির মাধ্যমে।
যদিও এই জয়ের পরও সপ্তম স্থানেই রয়ে গেল ইউনাইটেড।
অলিম্পিয়াকোচের বিরুদ্ধে ঐ জয়ই রেড ডেভিলদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে জানিয়ে এই ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘আমার মনে হয় নিজেদের তো বটেই ক্লাব সমর্থকদের জাগিয়ে তুলতে অলিম্পিয়াকোচের বিরুদ্ধে ঐ জয়টা দারুণ গুরুত্বপূর্ণ ছিল। গত শনিবার আমরা দারুণ ফুটবল খেলেছি এবং আমাদের উচিত ছিল আরো বড় জয়ের জন্য খেলা।’
