ফুটবলে স্পন্সর হলো কুয়েতী প্রতিষ্ঠান

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২২:৫০
বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত হলো কুয়েতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ট্রেড হোল্ডিংস কোম্পানি (আইটিএইচসি)। আইটিএইচসি চেয়ারম্যান ড. হামাদ আল তাওজারী গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, তারা বাংলাদেশের ফুটবলের জন্য এক লাখ ডলার দিচ্ছেন। এছাড়াও বাংলাদেশের ফুটবলে অবদান রাখতে চান। ফুটবলের উন্নয়নে এই প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতার বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কোম্পানির চেয়ারম্যান হামাদ বলেন, ‘আমরা কুয়েতে ক্লাবকে স্পন্সর করি। টুর্নামেন্টের আয়োজনে অর্থায়ন করে থাকি; কিন্তু আমাদের কোনো ক্লাব নেই। বাংলাদেশে আমি স্থায়ী ভাবে ফুটবলের জন্য কাজ করতে চাই।’ সাত বছর ধরে বাংলাদেশে সেতু নির্মাণ করছে কুয়েতের এই প্রতিষ্ঠান। বাংলাদেশের জনশক্তি জড়িত রয়েছে এই প্রতিষ্ঠানের সাথে। কুয়েতেও বাংলাদেশি শ্রমিক কাজ করছে তার প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, বাফুফে সভাপতি তাকে এখানে এনেছেন ফুটবল উন্নয়নের জন্য। তিনি এতে খুব খুশি হয়েছেন এবং স্থানীয় ফুটবলকে সমর্থন জোগাবেন। ড. হামাদ এও জানান যে, ইউরোপে স্কুল ফুটবলারদের ট্রায়ালে নিয়ে যেতেও তারা সহযোগিতা করতে পারেন। গত শনিবার রাতে কুয়েতী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলীসহ বিরাট বহর নিয়ে বিশেষ বিমানে ঢাকায় এসে আবার কালই চলে গেছেন। বাফুফে সভাপতি কাজি সালাহউদ্দিন জানিয়েছেন কুয়েতী প্রতিষ্ঠানটির দেয়া অর্থ লজিস্টিক সাপোর্ট হিসেবে ব্যবহার করবেন তারা। বাফুফে সভাপতি আরো জানান, এই অর্থ ছাড়াও কুয়েতী প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্যও সহযোগিতার হাত বাড়াবে। জাতীয় ফুটবল দলের জন্য সহায়তা করবে। সংবাদ সম্মেলনে বাফুফের সহ-সভপাতি কাজী নাবিল আহমেদ এমপি, তাবিথ আউয়াল, এশিয়ান ফুটবল ফেডারেশনের সদস্য মাহফুজা আক্তার কিরন ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন। বাফুফে সভাপতি কাল সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের জানান, ‘সেপ্টেম্বরে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করব। আট দেশ নিয়ে হবে টুর্নামেন্ট। যেখানে মধ্যপ্রাচ্যের দলও রাখা হবে। টুর্নামেন্ট স্পন্সর করবে বেক্সিমকো।’