ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল গত শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নির্ধারিত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যু পরিদর্শনের পর সেখানকার সুযোগ-সুবিধা দেখে ‘সন্তোষ’ প্রকাশ করেছেন।
বিসিসিআই কর্মকর্তা এমভি শ্রীধর এবং কিউরেটর পিআর বিশ্বনাথন আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। দুবাই’র আইসিসি একাডেমি স্টেডিয়ামও পরিদর্শন করেন তারা।
ভেন্যু পরিদর্শন শেষে শ্রীধর বলেন, ‘পেপসি আইপিএল ২০১৪ আসরের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য লেগের ভেন্যুগুলো সুযোগ-সুবিধায় আমরা অত্যন্ত খুশি। এখানকার অবকাঠামো শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক ভেন্যুগুলোর মতই।’
শ্রীধর আরো বলেন, ‘অতি সম্প্রতি এখানকার ভেন্যুগুলোতে যে পরিমাণ ক্রিকেট খেলা হয়েছে সে তুলনায় গ্রাউন্ড ও পিচ কন্ডিশন খুব একটা খারাপ না। এখানকার বিভিন্ন সুযোগ-সুবিধা এবং গ্রাউন্ডস কন্ডিশন উত্তেজনাকর একটি লেগের জন্য সহায়ক হবে বলে আমরা আশা করছি।’
গ্রাউন্ড কন্ডিশন, পিচের অবস্থা, আউট ফিল্ড এবং মাঠের অনুশীলন সুবিধা পর্যবেক্ষণ করাই ছিল এ পরিদর্শনের প্রাথমিক উদ্দেশ্য।
আগামী ১৬ এপ্রিল টুর্নামেন্ট শুরু হলেও দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই দলগুলো আমিরাতে আসা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।—বাসস
